চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক এক 'রাজাকার'কে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার ব্যক্তি হচ্ছে মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের ইয়াসিন আলী (৬১)। তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, ১৯৭১ সালের ৭ আক্টোবর শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনয়নের হুমায়ন রেজা হাই স্কুলে নিয়ে গিয়ে ১১ আসামি স্থানীয় বেশ কিছু লোকজনের ওপর নির্যাতন চালিয়ে তাদের হত্যা করে।
এ অভিযোগে ওই এলাকার শহীদ মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছেলে বদিউজ্জামান বদু ২০০৮ সালের ৭ মে চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন বলে জানিয়ে তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে আদালত ২০০৮ সালের ১২ মে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করে।
পুলিশ কর্মকর্তা জানান, মামলার ৮ আসামি আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়। পলতক ছিল তিনজন।
অন্য দুই 'রাজাকার' দ্বীন মোহাম্মদ ও মেহেরুল্লাহ পলাতক রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫৫ ঘ.
bdnews24