২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিপুল রেকটিফাইড স্পিরিট উদ্ধার

বগুড়া সদর উপজেলার ফুলদীঘি উত্তরপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা এ অভিযান চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

বগুড়া, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া সদর উপজেলার ফুলদীঘি উত্তরপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা এ অভিযান চালান। বগুড়ার সূত্রাপুর এলাকার আরিফুর রহমান ও তার বাবা হারেজ উদ্দিন সদর উপজেলার ফুলদীঘি উত্তরপাড়ার সোলাইমান নামের একজনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট ও ফেন্সিডিল বোতলজাত করে বগুড়া ও আশপাশের জেলাগুলিতে বিক্রি করে আসছিল বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপারে অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে আরিফুর রহমান ও হারেজ উদ্দিনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা সোলাইমানের বাড়িতে অভিযান চালান। এখান থেকে তিন হাজার বাহাত্তর বোতল রেকটিফাইড স্পিরিট, দু'টি ব্যারেলে চারশ' লিটার খোলা রেকটিফাইড স্পিরিট, পাঁচটি ফেন্সিডিলের বোতল, একটি কর্ক লাগানোর মেশিন, সাতটি বড় কাচের জার, কর্ক এবং দুই হাজারের মতো লেবেল উদ্ধার করা হয়। উদ্ধার করা রেকটিফাইড স্পিরিটের লেবেলে লেখা রয়েছে- 'হোমিওপ্যাথিক পটেনসি মেডিসিন-গ্লোব হোমিও ল্যাবরেটরি বাংলাদেশ'। ফেন্সিডিলের লেবেলে লেখা আছে- 'পরিমল হেলথ কেয়ার লিমিটেড, হিমাচল প্রদেশ'। 'গ্লোব হোমিও ল্যাবরেটরি বাংলাদেশ'-এর লাইসেন্স আরিফুর রহমানের নানা বদর উদ্দিন হায়দারের নামে বলেও জানান তিনি। রফিকুল ইসলাম আরও জানান, প্রায় ৬ মাস আগে বগুড়ায় রেকটিফাইড স্পিরিট পান করে আদমদীঘি, শেরপুর, শাজাহানপুর, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় ২০ জন মারা যায়। ওই সময়ে করা দু'টি মামলায়ও আরিফুর রহমান আসামি। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩টি মামলা দায়ের করল। এদিকে মোবাইল ফোনে যোগাযোগ করলে আরিফুর রহমান ও হারেজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলতে রাজি হননি। বাড়ির মালিক সোলাইমান বলেন, "তারা (আরিফ ও তার বাবা) যে অবৈধ ব্যবসার জন্য ভাড়া নিয়েছে তা আমি জানতাম না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.