২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলাবন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র সমুদ্রবন্দর মংলাকে সচল করতে একে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। (সংশোধনসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র সমুদ্রবন্দর মংলাকে সচল করতে একে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। পাশাপাশি দেশে আমদানিকরা বিভিন্ন খাদ্য শস্যের ৪০ শতাংশ খালাসে বন্দরটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে ওই কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী বলেন, "নৌ-পরিবহন মন্ত্রী আফসারুল আমিনও এই বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।" কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া তৈরি করবেন। নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, "আমরা বন্দরটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কৌশল নির্ধারণে একটি খসড়া তৈরির সুপারিশ করেছি। খুলনা অঞ্চলকে আর্থিকভাবে পুনর্জাগরিত করতেই এই পদক্ষেপ।" এছাড়া দেশে আমদানিকরা মোট খাদ্যশস্যের ৪০ ভাগ খালাসে এই বন্দরটি ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সমুদ্রবন্দরটি এখন প্রায় মৃত বলে মন্তব্য করে নূর-ই-আলম বলেন, "বেসরকারিকরণের মাধ্যমে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিতে পারলে এখানে জাহাজ নোঙরের ব্যাপারে অনেকে আগ্রহী হয়ে উঠবে।" বৈঠকে খুলনা খান জাহান আলী বিমানবন্দরের নির্মাণকাজ পুনরায় শুরুর সুপারিশ করা হয়। খুব শিগগিরই কমিটির সদস্যরা মংলা বন্দর পরিদর্শনে যাবেন বলেও জানান নূর-ই-আলম। এর আগে বিগত অষ্টম জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বেশ কয়েকবার এই বন্দরটিকে সচল করার বিষয়ে আলোচনা হয়। তবে তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রীর সঙ্গে কমিটির সভাপতির বিরোধের কারণে আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল বিষয়টি। বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, মো. মোজাহারুল হক প্রধান, বেগম হাবিবুন নাহার, শামসুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু ও মোস্তফা কামাল পাশা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২২৪০ঘ.