গাইবান্ধা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা ও সাতক্ষীরার আদালতে ২২ 'রাজাকার'-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান. সাতক্ষীরার শ্যামনগরে ছয়জনকে হত্যার অভিযোগে ১৭ 'রাজাকার'-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সাত্তার গাজী।
বুধবার সাতক্ষীরার বিচারিক হাকিম হুমায়ূন কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে বিচারক শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
আসামিরা হলেন মুন্সিগঞ্জ গ্রামের মুনসুর সরদার, মহিউদ্দীন গাজি, এরশাদুল মোল্লা, কুদ্দুস মোল্লা, মহসিন উল মূলক, মোহাম্মাদ আলী গাজি, হাবিবুল্লাহ মোল্লাহ, আনসার মোড়ল, মুজবর গাজি, আবুল হোসেন, সুরোত গাজি, আহম্মাদ শেখ, হায়াত গাজি, রজত আলী গাজি, আব্দুল আজিজ, মজিদ গাজি ও আহাদ আলী।
মামলায় তাদের 'রাজাকার' হিসেবে অভিহিত করা হয়।
মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ২৫ জুলাই আসামিরা মুন্সিগঞ্জ গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও লুটপাট চালায়। এরপর তারা বাদীসহ মোনতেজ গাজি, মোহর আলী গাজি, নাজির মোল্লা, হানিফ মোড়ল, সামছুর গাজি ও কেনা গাজিকে ধরে নিয়ে যায়।
শ্যামনগরের কাঁতপুর নদী তীরে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এর মধ্যে বাদী সাত্তার গাজি বেঁচে যান। বাকি ছয়জন মারা যান।
সাতক্ষীরা আদালতে গত ৭ ও ৯ এপ্রিল 'যুদ্ধাপরাধ'র আরও দু'টি মামলা দায়ের করা হয়েছে। তালা উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দু'টি দায়ের করা হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সদর উপজেলার নান্দিনা ও বিষ্ণুপুর গ্রামের পাঁচ 'রাজাকারের' বিরুদ্ধে মামলাটি করেছেন নান্দিনা গ্রামের বাসিন্দা শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতিসংঘ ও ক্লাবের সভাপতি আব্দুর রউফ।
গাইবান্ধার প্রধান বিচারিক হাকিম আব্দুস সালামের আদালতে বুধবার মামলাটি দায়ের করা হয়।
বিচারক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে আগামী ১৬ জুলাই আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে।
পাঁচ আসামি হলেন সদর উপজেলার নান্দিনা গ্রামের আব্দুল জোব্বার, জসিজার রহমান খোকা, আব্দুল ওয়াহেদ, মমতাজ আলী ব্যাপারী এবং পাশের বিষ্ণুপুর গ্রামের আজগর আলী খান।
মামলায় মুক্তিযুদ্ধের এক কোম্পানি কমান্ডারসহ এলাকার ১১ জন প্রত্যক্ষদর্শীকে সাক্ষী করা হয়েছে।
মামলার এজাহারে পাঁচ আসামিকে 'রাজাকার' বলে অভিহিত করা হয়।
মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ১৮ অক্টোবর রাত ১২টায় ১৫০ জন মুক্তিযোদ্ধা আব্দুর রউফের বাড়িতে আশ্রয় নেন। 'রাজাকার' আব্দুল জোব্বার ও তার সহযোগীরা গোপনে পাকিস্তানী দখলদার বাহিনীর ক্যাম্পে খবর দেয়। ভোরে দখলদার বাহিনীর একটি দল ও আসামিদের নেতৃত্বে রাজাকার ও আল-বদর বাহিনী যৌথভাবে আব্দুর রউফের বাড়িতে হামলা চালায়। এ সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের প্রায় তিনঘণ্টা লড়াই হয়। এতে চার মুক্তিযোদ্ধাসহ ওই বড়িতে আশ্রয় নেওয়া ১৯ জন নিহত হন।
মুক্তিযুদ্ধের সময় অনেকে শহরের বাড়ি ছেড়ে গ্রামে গিয়ে আত্মীয়-স্বজন ছাড়াও এর-ওর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
এ সময় আবুল কাশেম (দিনাজপুরের বাসিন্দা) নামে এক মুক্তিযোদ্ধা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিরা আটক করে তাদের দখলদার বাহিনীর হাতে তুলে দেয়। তারা তাকেও গুলি করে হত্যা করে বলে উল্লেখ করে মামলার বিবরণে বলা হয়, এ ছাড়া দখলদার বাহিনী নান্দিনা গ্রামের বালুয়াপাড়ায় ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন চালায়।
মামলাটি বাংলাদেশ কোলাবোরেটরস (স্পেশাল ট্রাইবুন্যাল) অর্ডার, ১৯৭২-এর আওতায় দায়ের করা হয়েছে। বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট নান্নু মিয়া, আকবর আলী ও নুরুল ইসলাম মন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২০০ ঘ.
bdnews24