২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবখানে ৭ম ওয়েজ বোর্ডের দাবি জানালেন সাংবাদিক নেতারা

সংবাদপত্র ও সংস্থার সব সাংবাদিকের জন্য সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করলেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র ও সংস্থার সব সাংবাদিকের জন্য সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করলেন সাংবাদিক নেতারা। তথ্য মন্ত্রণালয়ে বুধবার মন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ দাবি জানানো হয়। 'সাংবাদিক ঐক্য পরিষদের' ব্যানারে সাংবাদিক নেতারা এ সাক্ষাৎ করেন। বিএফইউজে'র দুই অংশের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরী, আলতাফ মাহমুদ, রুহুল আমিন গাজী, ডিইউজের দুই অংশের নেতা শাহ আলমগীর, আব্দুস শহীদ, বাকের হোসেইনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন সংবাদপত্রে বর্ধিত হারে বিজ্ঞাপন দেওয়া হলেও যথাযথ মনিটরিং না হওয়ায় অনেকেই এখনো সপ্তম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছে না। এছাড়াও দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, দিনকাল, দেশবাংলাসহ বিভিন্ন সংবাদপত্রে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। অনেক সাংবাদিক বেকার হয়ে পড়েছেন। নেতারা এ অস্থিরতা দূর করা এবং সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। জবাবে তথ্যমন্ত্রী বলেন, সব সংবাদপত্র ও সংস্থায় প্রতিষ্ঠানে অবশ্যই সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে। কোন প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন না হলে সরকারের 'যা করণীয়' তার সব কিছুই করবে বলে তিনি জানান। মন্ত্রী জানান, সরকার ইলেকট্রনিক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে। যত দ্রুত সম্ভব এ নীতিমালাটি চূড়ান্ত করা হবে। সাংবাদিক নির্যাতন বন্ধের ব্যাপারে তিনি বলেন, "বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে, এটা ঠিক হয়নি। এ ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে যাতে আর কোন সাংবাদিক নির্যাতিত না হয়, সেজন্য সরকার সম্ভব সব কিছুই করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০২৭ঘ.