ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -রাজধানীসহ খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে গরমের হল্কা। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মাঝারি ধরনের এ তাপপ্রবাহ ও বিদ্যুৎ সঙ্কটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গরমে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত সারা দেশে ১০০০ মেগাওয়াটেরও বেশি লোডশেডিং করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে সারাদিনই বিদ্যুৎ আসা যাওয়া করছে। কোনো কোনো স্থানে ১৫-১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।
কাঁঠালবাগান এলাকার আবদুল হান্নান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদিনই বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। আগে একঘন্টার বেশি লোডশেডিং হতো না। এখন দেড় দু'ঘন্টাও বিদ্যুৎ থাকে না।
উত্তরার বাসিন্দা সৈয়দা মাহবুবা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যায়। সে হিসেবে ১২ ঘন্টাই বিদ্যুৎ থাকে না।
মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা শাহাবুদ্দিন আহমেদ বলেন, বিদ্যুতের অবস্থা খুবই ভয়াবহ। আগে দিনেই শুধু লোডশেডিং দেখতাম। এখন গভীর রাতেও দ্যিুৎ চলে যায়। ২৪ ঘণ্টা একই অবস্থা চলছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রন কক্ষ জানিয়েছে, বুধবারের সম্ভাব্য লোডশেডিং এর পরিমাণ ধরা হয়েছে ১১৯৪ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন নির্ধারণ করা হয় ৩৬৯০ মেগাওয়াট। মঙ্গলবার সারাদেশে ১২১৫ মেগাওয়াট লোডশেডিং করা হয়। উৎপাদন হয়েছে ৩৫৯০ মেগাওয়াট। বর্তমানে গ্যাস সঙ্কটের কারণে ৬২৮ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। ৫৯৭ মেগাওয়াটের ইউনিট মেরামতের জন্য বন্ধ রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, খুলনা, ঢাকা, রাজশাহী বিভাগ ও ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে তাপপ্রবাহের প্রভাব বেশি পড়ছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমি বায়ু প্রবাহ আসার আগ পর্যন্ত সাধারণত এ সময় তাপমাত্রা বাড়তে থাকে। তবে বৃষ্টি হলে কমে আসে। এপ্রিল-মে মাস আমাদের দেশের উষ্ণতম মাস।
আবহাওয়ার বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের দু' এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24