ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আদালত অবমাননা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ব্যারিস্টার রফিক-উল-হকের দায়ের করা আবেদনের ওপর দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এই দ্বিধাবিভক্ত আদেশ দেয়।
বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ব্যারিস্টার রফিক-উল-হককে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তাকে হাজিরা থেকে অব্যাহতি দেননি। বিচারপতি চৌধুরী ব্যারিস্টার হককে আগামী ২৫ মে সকাল সাড়ে ১০টায় আদালতে ব্যক্তিগতভাবে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন।
ব্যারিস্টার রফিক-উল-হকের পক্ষে আবেদনটি পরিচালনা করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও অ্যাডভোকেট আহসানুল করিম। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট রমযান আলী সিকদার।
আদেশের পর অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট বিভক্ত আদেশ দেওয়ায় বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠাবেন।
গত ২৫ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইদ্রিসুর রহমান ও মো. জহিরুল ইসলাম মুকুল ব্যারিস্টার রফিক-উল-হকের বিরুদ্ধে এ আদালত অবমাননার আবেদন দায়ের করেন। ওই দিনই হাইকোর্ট ব্যারিস্টার হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।
আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন কার্যক্রম গ্রহণ করা হবে না ২২ মার্চ ব্যারিস্টার হককে স্বশরীরে হাইকোর্টে হাজির হয়ে তার জবাব দিতে বলা হয়েছিল।
এর আগেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে ব্যারিস্টার হক গত ১৫ মার্চ একটি আবেদন দায়ের করেছিলেন।
গত ২৪ ফেব্র"য়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় "পলাতকদের জামিন বিষয়ে হাইকোর্টের বিভক্ত রায়, ব্যারিস্টার রফিক-উল হকের মন্তব্যে বিচারকের এজলাস ত্যাগ" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের ওই তিন আইনজীবী মামলাটি দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৯১৬ঘ.
bdnews24