চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে কর্ণফুলীর মোহনায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ক্লিংকারবাহী একটি জাহাজ ডুবে গেছে।
সেভেন সার্কেল-২৫ নামে ওই জাহাজের ১১ জন নাবিক সাঁতড়ে পাড়ে উঠতে সক্ষম হলেও এখনো বাহার মাস্টার নামে এক নাবিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
লাইটার জাহাজটি বহির্নোঙ্গরে একটি মাদার ভ্যাসেল থেকে ক্লিংকার খালাস করে মোহনার দিকে আসছিলো।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্ধকার ও ঝড়ো আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ঝড়ো বাতাসের কারণে জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, দুর্ঘটনাস্থল চিহ্নিত করা সম্ভব না হওয়ায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতে বন্দর চ্যানেলে সব ধরণের জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/২২২৮ঘ.
bdnews24