২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের মামলায় ১০ জনকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যশোরের মওলানা সাখাওয়াত হোসেনসহ ১০ জনকে গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যশোরের মওলানা সাখাওয়াত হোসেনসহ ১০ জনকে গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করার এই আদেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে গত ৪ এপ্রিল যশোরের কেশবপুর থানায় জনৈক মাশিয়ার রহমান একটি এবং গত ২২ মার্চ যশোরের ম্যাজিস্ট্রেট আদালতে দু'টি মামলা দায়ের করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়। তাদের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন কাজী জাহিদ ইকবাল। সরকার পক্ষে ছিলেন এ এস এম মুবিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২০৬ঘ.