২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধপরাধের অভিযোগে রাজশাহীতে আরও একজন গ্রেপ্তার

যুদ্ধাপরাধের মামলায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মঙ্গলবার আব্দুল জব্বার সরকার (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রাজশাহীতে যুদ্ধাপরাধের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

রাজশাহী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধের মামলায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মঙ্গলবার আব্দুল জব্বার সরকার (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রাজশাহীতে যুদ্ধাপরাধের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হল। গত ১২ এপ্রিল বিচার বিভাগীয় হাকিম আদালতে দায়ের মামলাটি মঙ্গলবার দুর্গাপুর থানায় এজাহারভুক্ত হয়। এরপর বিকেলে উপজেলার উজানখলশী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ জব্বার সরকারকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার। ওসি জানান, মুক্তিযুদ্ধের সময় বাবাকে হত্যার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলাটি করেন উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের আলিমুদ্দিন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে ১৩ এপ্রিল ভোরে আসামিরাসহ আরও ২০/২৫জন অজ্ঞাত রাজাকার, আল-বদর আল-শামস এর সদস্যকে নিয়ে হোজা অনন্তকান্দি গ্রামের বাড়িতে হানা দিয়ে বাদীর বাবা বাহার উদ্দিনকে ধরে নিয়ে যায়। তাকে পুঠিয়ার বিড়ালদহ পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দেয়। পাকিস্তানি সেনারা তাকে গুলি করে হত্যা করে। পরদিন সকালে খবর পেয়ে বাহার উদ্দিনের পরিবারের লোকজন সেখান থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে গত ১৩ ফেব্র"য়ারি যুদ্ধাপরাধের অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়ি এলাকা থেকে দাউদ হোসেন ও নূরে আনোয়ার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করার কথা স্বীকার করেন। বর্তমানে তারা জেলহাজতে আছেন। দাউদ ও নুরে আনোয়ার এলাকায় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। যুদ্ধাপরাধের অভিযোগে রাজশাহীতে এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.