ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রাপ্তবয়স্কা কিশোরীকে ফুসলে যৌনপল্লীতে বিক্রির দায়ে নিলু ওরফে লিলি নামের এক সর্দারনীকে ঢাকার একটি আদালত যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে।
এছাড়া দু'হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে।
ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আবদুছ সোবাহান মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ২২ মে রাজধানীর মীরপুরের বাসিন্দা আবদুল মান্নান বাসায় মেয়েকে রেখে কাজে যান। সন্ধ্যায় বাসায় ফিরে মেয়েকে না দেখে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন নিলু তাকে ফুসলে নিয়ে গেছে।
এ ব্যাপারে আব্দুল মান্নান মামলা করলে গোয়ালন্দ থানা পুলিশ তার মেয়েকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে উদ্ধার করে।
বিচারক তার রায়ে বলেন, আসামি ঢাকা থেকে মেয়েটিকে কৌশলে দৌলতদিয়া নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২০৫৮ঘ.
bdnews24