গোপালগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকার আইন না হওয়ায় সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঝুলে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "সংসদে এ সংক্রান্ত বিল পাস হলে আগামী শীত মৌসুমে আমরা নির্বাচন করতে পারব। নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রস্তুত রয়েছে। আইন হলেই নির্বাচনের কাজ শুরু করা হবে।"
গোপালগঞ্জ সার্কিট হাউসে সোমবার বিকেলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
ভোটার তালিকা হালনাগাদের সার্ভার স্টেশন স্থাপন এবং জেলা নির্বাচন কার্যালয়ের নতুন জায়গা পরিদর্শনে তিনি গোপালগঞ্জ আসেন।
নির্বাচন কমিশনার জানান, মে মাস থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এরপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচশ' দুইটি সার্ভার ষ্টেশন স্থাপন করা হবে। এগুলো কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে। সার্ভারের মাধ্যমে ঘরে বসেই উপযুক্ত বয়সী নাগরিকরা ভোটার হতে পারবেন।
নির্বাচন কমিশনের নিজস্ব জনবল বিষয়ে প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, "নিবার্চন কমিশনের নিজস্ব সেটআপ তৈরি হচ্ছে। বিভিন্ন পদে লোকবল নেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রশাসন দুইশ' বছরের পুরোনো। তাদেরকে বাদ দিয়ে তো আমরা কিছুই করতে পারবো না।
মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা পুলিশ প্রধান আব্দুল কুদ্দুছ আমীন, খুলনা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মহসিন আলী ও জেলা নির্বাচন কর্মকর্তা দীলিপ কুমার হাওলাদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24