ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাজারে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সয়াবিন তেল ও পাম অয়েলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।
প্রতি কেজি সয়াবিন তেলের (খোলা) পাইকারি দাম ৭৩ টাকা এবং পাম অয়েলের দাম ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে চার ঘন্টাব্যাপী বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের একথা জানান।
সয়াবিন তেল ও পাম অয়েলের খুচরা দাম কেজিতে ৪-৫ টাকা বাড়তে পারে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, "আজ (সোমবার) আমরা ব্যবসায়ীদের সঙ্গে ভোজ্য তেলের দেশীয় ও আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দেখেছি যে সয়াবিন তেলের পাইকারি মূল্য কেজি প্রতি ৭৩ টাকা হওয়া উচিত। ব্যবসায়ীরাও আমাদের প্রতিশ্র"তি দিয়েছে, মিল গেটে ৭৩ টাকা করে খোলা সয়াবিন এবং ৫৯ টাকা করে পাম অয়েল বিক্রি করবে।"
ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, মিলগেটে তারা ৭৩ টাকা করেই খোলা সয়াবিন তেল বিক্রি করবেন। তবে এটি হবে বর্তমান মজুদের ওপর।
রউফ চৌধুরী জানান, বর্তমানে ৭০ হাজার টন ভোজ্য তেল মজুদ রয়েছে যাতে আগামী তিন চার সপ্তাহ চলবে। এরপর দাম নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের ওপর।
বোতলজাত তেলের দাম কত হবে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রী বলেন, "আরো কিছু বেশি হবে।"
রউফ চৌধুরী জানান, পাইকারি দামের চেয়ে তা প্রতি কেজিতে সাত-আট টাকা বেশি হতে পারে।
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য মন্ত্রী বলেন, "দেশের স্বার্থ রক্ষা করে চলতে হবে। অপ্রয়োজনীয়ভাবে দাম বাড়ানো যাবেনা। অপ্রয়োজনীয়ভাবে কেউ যাতে মুনাফা করতে না পারে এবং জনগণের যাতে কোন ক্ষতি না হয় তা আমরা চাই।"
অযথা দাম না বাড়াতে খুচরা ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান তিনি।
ফারুক খান বলেন, "রমজানকে সামনে রেখে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল আমদানি করা হবে। আমরা আশা করছি, তেলের বাজার স্থিতিশীল থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এসকে/১৮৩৭ঘ.
bdnews24