২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলডাঙ্গা থানার এএসআই'র রহস্যজনক মৃত্যু

নাটোরের নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এজাদুল ইসলাম মোল্লার (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নলডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। এজাদুলের বাড়ি নওগাঁ সদর উপজেলার মকমল গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

নাটোর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এজাদুল ইসলাম মোল্লার (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নলডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। এজাদুলের বাড়ি নওগাঁ সদর উপজেলার মকমল গ্রামে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে খবর পেয়ে পুলিশ নলডাঙ্গা রেল স্টেশনের ১'শ হাত দূরে রেল লাইনের উপর থেকে এজাদুল ইসলামের লাশ উদ্ধার করে। এ সময় তার মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল।" তিনি জানান, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এজাদুল ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে। পরকীয়া প্রেম সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ছিলেন তিনি। এসপি রফিকুল জানান, রোববার নলডাঙ্গা থানা থেকে তাকে জেলার বড়াইগ্রাম থানায় বদলি করা হয়েছিল। সোমবার তার বড়াইগ্রাম থানায় যোগ দেওয়ার কথা ছিল। তিনি বলেন, "তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু যাচ্ছে না। তাকে হত্যা করা হয়েছে কিনা- তাও খতিয়ে দেখা হবে।" এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬০৩ ঘ.