২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে চান্দনা চৌরাস্তার ব্যস্ততম এলাকায় রোববার ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। চৌরাস্তার টাঙ্গাইল সড়কে বেলা সাড়ে ১১টার দিকে ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 07:25 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

গাজীপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে চান্দনা চৌরাস্তার ব্যস্ততম এলাকায় রোববার ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। চৌরাস্তার টাঙ্গাইল সড়কে বেলা সাড়ে ১১টার দিকে ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পরিবেশক এসটি এন্টারপ্রাইজের মালিক আব্দুল বাতেন লিটন তার দুই কর্মচারী জিয়াউল হক ও আবুল মনসুর পলাশকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে চড়ে ব্র্যাক ব্যাংকের সামনে এসে নামেন। তাদের তিনজনের হাতে তিন ব্যাগ ভর্তি ১৭ লাখ ৩০ হাজার টাকা ছিল। তখন চার ছিনতাইকারী হঠাৎ তাদের ঘিরে ফেলে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। লিটন ব্যাগ আগলে রাখার চেষ্টা করলে এক ছিনতাইকারী তার মাথা লক্ষ্য করে পর পর দুটি গুলি ছোঁড়ে। তা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু লিটন টাকার ব্যাগ রক্ষা করতে না পারলেও গুলিভর্তি একটি পিস্তল তার হাতে থেকে যায়। এ অবস্থায় চার ছিনতাইকারী লিটনের গাড়িতে ওঠে গাজীপুরের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি টহল গাড়ি ছিনতাইকারীদের ধাওয়া করে। কিন্তু পাঁচ কিলোমিটার দূরে গাজীপুর বাসস্ট্যান্ডের কাছে গাড়িটি রেখে ছিনতাইকারীরা মানুষের ভিড়ে মিশে যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঘটনার পর পর পুলিশ সব সড়কে যানবাহনে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত টাকা উদ্ধার সম্ভব হয়নি। এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুল বাতেন লিটন বাদি হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/