ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর এম ফারুক বাগেরহাটের মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কমোডর শওকত ইমরান খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে রোববার এসব নিয়োগের আদেশ জারি হয়েছে। এছাড়াও জনপ্রশাসনে প্রেষণে কর্মরত আরো চার সশস্ত্র বাহিনীর কর্মকর্তার পদে রদবদল করা হয়।
এদের মধ্যে ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সরকার এমএ মতিনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল হোসেনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের নিউমুরিং ডক ইয়ার্ডের মহাব্যবস্থাপক (উৎপাদন) কমোডর সুপারিনটেনডেন্ট ক্যাপ্টেন এম ফখরুল আজমকে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও নকশা) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও নকশা) ক্যাপ্টেন কেএমবি আকবরকে প্রত্যাহার করে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩২৮ঘ.
bdnews24