ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানী ছাড়া সারা দেশের মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসায় পাঠদানের সময়সূচি পুন:নির্ধারণ করা হয়েছে। যেসব স্কুলে উচ্চ মাধ্যমিক শাখা রয়েছে (স্কুল এন্ড কলেজ) সেগুলোতেও নতুন এ সময়সূচি কার্যকর হবে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ময়েজ্জদ্দীন আহমেদ।
এতে বলা হয়, একটি শিফটেই পাঠদান হয় এমন স্কুলের ক্ষেত্রে ক্লাস শুরু হবে সকাল দশটায়। পাঠদানের ব্যাপ্তি হবে ন্যুনতম ছয় ঘন্টা।
বর্তমানে ক্লাস শুরু হয় সকাল আটটায়। তবে অনেক স্কুলে এ সময় কিছুটা হেরফের হয়।
নতুন নিয়মে দ্বিতীয় শিফটের ক্ষেত্রে বলা হয়েছে, এসব স্কুলের পাঠদানের ব্যাপ্তি হবে ন্যুনতম পাঁচ ঘন্টা। ক্লাস শুরু হবে সকাল আটটায়।
স্কুল পরিচালনা কমিটি নিজেদের সুবিধামতো উভয় শিফটের সময় ঠিক করবেন।
তবে ঢাকার স্কুলগুলো এ নতুন সময়সূচির আওতায় পড়বে না।
বর্তমানে ঢাকার স্কুলগুলোর ক্লাস শুরু হয় সকাল সাতটায়। দুই শিফট স্কুলে সকালের শিফটের ক্লাস সকাল সাতটায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। দ্বিতীয় শিফট সোয়া ১২টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩০০ঘ.
bdnews24