২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা আইন সংশোধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

উপজেলা পরিষদে স্থানীয় সাংসদের পরামর্শ বাধ্যতামূলকসহ বিদ্যমান আইনের কয়েকটি ধারা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে একদল উপজেলা চেয়ারম্যান। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন (এবিইউপি) ব্যানারে তারা আরেকদল উপজেলা চেয়ারম্যানের সাংসদদের অবাঞ্ছিত ঘোষণার হুমকির প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রীর উপজেলা বাতিলের হুমকিকে দুঃখজনক বলে অভিহিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদে স্থানীয় সাংসদের পরামর্শ বাধ্যতামূলকসহ বিদ্যমান আইনের কয়েকটি ধারা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে একদল উপজেলা চেয়ারম্যান। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন (এবিইউপি) ব্যানারে তারা আরেকদল উপজেলা চেয়ারম্যানের সাংসদদের অবাঞ্ছিত ঘোষণার হুমকির প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রীর উপজেলা বাতিলের হুমকিকে দুঃখজনক বলে অভিহিত করেছে। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক পটুয়াখালীর দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, ''সংসদে সদ্য পাস হওয়া উপজেলা পরিষদ আইনের ২৫, ২৬, ২৭, ২৯ ও ৪২ ধারায় যে সব নতুন সংযোজনী আনা হয়েছে তা বাতিল করার দাবি করতে হবে। মন্ত্রিসভায় অনুমোদিত বিলের আলোকে আইনটি কার্যকর করতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।" রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব নলিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা বলেন, উপজেলা পরিষদের স্থানীয় সাংসদদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক, সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সাংসদদের অনুমতি নেওয়া, উন্নয়ন পরিকল্পনা সাংসদদের সুপারিশসহ নিয়ন্ত্রণমূলক ওইসব ধারা বাতিল করা না হলে অ্যাসোসিয়েশন পরবর্তীতে সারাদেশে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। তিনি বলেন,'' আমরা নিয়মতান্ত্রিক পথে আমাদের দাবি আদায় করব। আদালতে যাওয়ার বিষয়টি পরে জানাতে পারব।" ১৫ এপ্রিল থেকে উপজেলা চেয়ারম্যানদের একটি দলের (বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরাম) বর্তমান উপজেলা পরিষদ আইনটি বাতিল ও সাংসদদের অবাঞ্ছিত করার ঘোষণার সঙ্গে দ্বিমত পোষন করেন হারুন-অর-রশিদ। ওই বক্তব্যের পরদিন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে 'দুঃখজনক' অভিহিত করে তিনি বলেন,''আমরা উপজেলা পদ্ধতি কার্যকর চাই। সরকার ও দেশবাসীও তা চায়। কিন্তু সাংসদরা এক্ষেত্রে তা চান না।'' ১৫ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহিবুর রহমানের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ফোরাম এক সমাবেশে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ফিরিয়ে না দিলে স্থানীয় সাংসদদের অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেওয়ার পাশাপাশি অবিলম্বে নবম সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ-২০০৯ আইনটি বাতিল করে উপজেলা পরিষদ-২০০৮ আইনটি পুনর্বহালের দাবি জানায়। পরদিন ১৬ এপ্রিল স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "কোন কোন গণমাধ্যম-প্রতিষ্ঠানসহ কেউ কেউ আইনটি কার্যকর না করার জন্য উস্কানি দিচ্ছেন।" বেশি উস্কানির ফলাফল যে অশুভ হতে পারে তা মনে রাখতে হবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "কারণ সাংসদদের হাতে অনেক ক্ষমতা রয়েছে। তারা ইচ্ছা করলে এ আইন শুধু পরিবর্তনই নয়, প্রয়োজনে পুরো আইনটিই বাতিল করে দিতে পারেন।" রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে এবিইউপি'র আহবায়ক হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, "বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে কাক্সিক্ষত উপজেলা পদ্ধতি বাতিলের ষড়যন্ত্র চলছে বলে আশংকা করছি।" তিনি জানান, উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ফোরামের সঙ্গে তারা বুধবার বৈঠকে বসবেন। সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, কাজী ওয়াহিদ, বিশ্বনাথ সরকার বিটু, এ বি এম আবদুস সাত্তার, শওকত হাসানুর রিমন, আবদুল খালেক, আবদুর রউফ, মীর শাহী আলম, শাহজাহান মিয়া, শাহিন চাকলাদার শুক্কর চাকলাদার, মিজানুর রহমান, ইউসুফ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনের পর বিএইউপি গঠিত হওয়ার পর উপজেলা চেয়ারম্যানদের নিয়ে প্রথম সভা করে খামারবাড়িতে। এরপর বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরাম এর আত্মপ্রকাশ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসএম/জিএনএ/১৮৩৭ ঘ.