ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে 'ইলিয়াসের খোয়ারি' ও 'ফ্রোজেন টিয়ার্স' সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে।
রোববার জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ আয়োজিত 'প্রামাণ্যচিত্রে বাংলাদেশ-৩' শীর্ষক চার দিনের উৎসব শেষে দুটি বিভাগে শ্রেষ্ঠ নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক কবীর চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নবীন নির্মাতা বিভাগে শিবু কুমার শীলের 'ইলিয়াসের খোয়ারি' সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পায়। এটি আখতারুজ্জামান ইলিয়াসের 'খোয়ারি' অবলম্বনে তৈরি করা হয়েছে। এ বিভাগে দ্বিতীয় হয়েছে 'রুপান্তরের রুপকথা'। এর পরিচালক তাসমিয়া আফরিন মৌ।
অন্যদিকে শিক্ষার্থী বিভাগে যৌথভাবে প্রথম হয় 'ফ্রোজেন টিয়ার্স' এবং 'অপেরার দিনরাত্রি'। 'ফ্রোজেন টিয়ার্স' এর পরিচালকরা হলেন মেহেরুন, লাকী, পলাশ, তানভীর, ফয়েজ ও আরিফ। 'অপেরার দিনরাত্রি' এর পরিচালকদের মধ্যে রয়েছে রিজওয়ান, কায়েস, সাজ্জাদ হোসেন ও আরিফুর রহমান।
এ বিভাগে দ্বিতীয় হয় 'যাপিত জীবন'।
বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী জানান, ২০০৪ সাল থেকে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। এ বছর তৃতীয় বারের মতো এ উৎসব হচ্ছে। এবার ৭০টি ছবি থেকে বাছাই করা ৪০ টি ছবি তিনটি বিভাগে প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীর বাছাই কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মানজারেহাসিন মুরাদ, মইনুল হুদা, মফিদুল হক, নারগিস জাহান, শামীম রেজা ও শবনম ফেরদৌসী।
প্রামাণ্যচিত্র উৎসব ২০০৯ এর মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এবিসি রেডিও এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এসকে/২৩৫৬ঘ.
bdnews24