২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ব্যবসায়ীদের ধাওয়া, পালিয়ে পুলিশের আত্মরক্ষা

রাজধানীর আগারগাঁও-এ শনিবার বিকেলে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে তাদের ধাওয়া খেয়ে কোনো রকমে পালিয়ে আত্মরক্ষা করেছে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল। তবে ইট-পাটকেলের আঘাতে আহত হয় দুই পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আগারগাঁও-এ শনিবার বিকেলে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে তাদের ধাওয়া খেয়ে কোনো রকমে পালিয়ে আত্মরক্ষা করেছে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল। তবে ইট-পাটকেলের আঘাতে আহত হয় দুই পুলিশ। মাদক ব্যবসায়ীরা একটি পুলিশ বক্স ভাংচুর করে। তাদের ইট-পাটকেল নিক্ষেপে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি গাড়িও। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে আগারগাঁও বস্তিতে মোহাম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে ৪/৫ জন পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। তারা কয়েকজন মাদক ব্যবসায়ী এবং ক্রেতাকে ধাওয়াও করে। কিন্তু পুলিশের সংখ্যা কম হওয়ায় এক পর্যায়ে মাদক ব্যবসায়ী, ক্রেতা এবং মাদকসেবীরা একত্রিত হয়ে পুলিশদের ধাওয়া করে। বস্তির কাছে পুলিশ বক্সে কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩০/৩৫ জনের একটি দল ধাওয়া করে কয়েকজন পুলিশকে বস্তির ভেতর থেকে মূল রাস্তার কাছে নিয়ে আসে। এ সময় এক পুলিশকে তিনি মাটিতে পড়ে যেতে দেখেন বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি জানান, এক পর্যায়ে দলটি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে বলে তিনি স্বীকার করেন। আহত হুমায়ুন কবির ও অন্য পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। আগারগাঁও এশিয়া উন্নয়ন ব্যাংকের নিরাপত্তা কর্মী মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধাওয়া খেয়ে দুই পুলিশ তাদের কাছে আশ্রয় নেয়। এরপর তিনি একথা টেলিফোনে থানায় জানান। তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাফরউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান, বিকেলের ঘটনার পর তারা বস্তিতে সাঁড়াশি অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রুহুল আমিন জানান, সেখানে নিয়মিত অভিযান চলছে। তবে শনিবার এত কম পুলিশ নিয়ে কেন অভিযান চালানো হল তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/২১০৫ ঘ.