২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সহায়তার আশ্বাস ওলামাদের

জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ওলামারা। কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন বেফাক্কুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের একটি প্রতিনিধি দল শনিবার বিকেলে হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে সাক্ষাতকালে তাকে এই আশ্বাস দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা,এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ওলামারা। কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন বেফাক্কুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের একটি প্রতিনিধি দল শনিবার বিকেলে হেয়ার রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে সাক্ষাতকালে তাকে এই আশ্বাস দেয়। ৬২ সদস্যের পতিনিধি দলের নেতৃত্ব দেন বেফাক্কুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি আল্লামা মুফতি আহম্মদ শফি এবং মহাসচিব মাওলানা আব্দুল জব্বার। তারা বিকেল সাড়ে পাচটা থেকে প্রায় এক ঘন্টা শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে খেলাফত মজলিসের আমির এবং কওমী মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, "জঙ্গি ও সন্ত্রাসবাদী তৎপরতা নির্মূলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এলাকায় এলাকায় ওলামাদের নিয়ে কমিটি গঠন করা হবে। আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের ধরে দেবো।" কওমী মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ওলামাদের কাছে লিখিত আবেদন চেয়েছেন এবং কওমী মাদ্রাসার পাঠ্যসূচি কি হবে তাও তাকে লিখিতভাবে দিতে বলেছেন। প্রধানমন্ত্রী তাদের সার্বিক সহায়তারও আশ্বাস দেন বলে তিনি জানান। জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে কওমী মাদ্রাসাগুলোর সম্পৃক্ততা রয়েছে বলে আইনমন্ত্রী কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন। কওমী মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আসছেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী যা বলেছেন তা বুঝে বলেননি। আর গ্রিন ক্রিসেন্টের মতো এনজিও'র দায়িত্ব তো কওমী মাদ্রাসা নিতে পারে না।" আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সরকারের অনুদানভুক্ত (এমপিও) হতে চান না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/এইচএ/২২০০ ঘ.