ফরিদপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকার যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করতে চায় বলে জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
তিনি বলেন, "চক্রান্তকারীরা এখনও দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। কিন্তু তাদের কোনও চক্রান্ত বাংলার মাটিতে সফল হবে না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।"
শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বৃহত্তর ফরিদপুর জেলার মন্ত্রী ও সাংসদদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ উপনেতা এ কথা বলেন।
তিনি আরও বলেন, "দেশের সব অঞ্চলের মত ফরিদপুরেরও উন্নয়ন করা হবে।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেন, সরকারকে বিব্রত করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার করবে।"
শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, "পদ্মা সেতুতে রেল লাইন থাকবে, গ্যাস সংযোগ দেওয়া হবে।"
বৃহত্তর ফরিদপুর গার্মেন্টস্ শিল্প মালিক সমিতি, ঢাকা ও ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্িিডস্ট্র যৌথভাবে এ সংবর্ধনা সভার আয়োজন করে।
সমিতির প্রধান উপদেষ্টা ও সাংসদ টিপু মুন্সীর সভাপতি অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন- সাংসদ শাজাহান খান, আব্দুর রহমান, শিল্পপতি এ কে আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ৫০জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
এছাড়া তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখানো হয়। ক্ষুদে গানরাজ সদ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।
সংবর্ধনা উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24