জামালপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংসদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের বিরোধের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।
তিনি বলেন, "জাতীয় সংসদে চুলচেরা বিশ্লেষণ করে উপজেলা আইন পাস হয়েছে। আইন অনুযায়ী উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। উপজেলা চেয়ারম্যানরা এমপিদের পরামর্শ নিয়ে স্বাধীনভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করবেন।"
শনিবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত বেকার তরুণ-তরুণীদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
গঠনমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "রাজনৈতিক বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করে পিছিয়ে থাকার কোনো অবকাশ নেই।"
ভূমিমন্ত্রী বলেন, "অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে হলে যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রত্যেককে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রশিক্ষণ ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না।"
বেকারত্ব দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তরকে প্রশিক্ষণ ও ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
পরে মন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জনের মাঝে নয় লাখ ৮৫ হাজার টাকার ঋণের চেক এবং ৫৭ জনের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24