২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাহমাসি ট্রাভেলসে হামলার ঘটনায় দু'জন গ্রেপ্তার

রাজধানীর দাহমাসি ট্রাভেলস কার্যালয়ে হামলার ঘটনায় শাহাদত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আরিফসহ সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চাঁদার দাবিতে গত ৯ এপ্রিল সকাল ১০টার দিকে বনানীর দাহমাসি ট্রাভেলসের কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় তারা এলোপাথারি গুলি চালালে কার্যালয়ের বাবুর্চি নজরুল ঘটনাস্থলে নিহত হন। আহত হন পিয়ন জহিরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দাহমাসি ট্রাভেলস কার্যালয়ে হামলার ঘটনায় শাহাদত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আরিফসহ সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চাঁদার দাবিতে গত ৯ এপ্রিল সকাল ১০টার দিকে বনানীর দাহমাসি ট্রাভেলসের কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। সে সময় তারা এলোপাথারি গুলি চালালে কার্যালয়ের বাবুর্চি নজরুল ঘটনাস্থলে নিহত হন। আহত হন পিয়ন জহিরুল। এরপর সন্ত্রাসীরা একটি মিষ্টির প্যাকেটে কাফনের কাপড় রেখে যায়। তারা পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছিল। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মোহাম্মদ সুলাইমানের নেতৃত্বে ডিবির একটি দল গাজীপুর জেলার জয়দেবপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে শাহাদত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আরিফ ওরফে দেবাশীষ ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রাবাদ থেকে অপর সন্ত্রাসী মো. রোমানকে (২১) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদকালে তারা হামলার সঙ্গে জড়িত আরো পাঁচ সহযোগীর নাম প্রকাশ করেছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত আরিফ ও রোমানকে শনিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আরিফ সাংবাদিকদের জানায়, ভারতে অবস্থানরত শাহাদতের নির্দেশে তারা ঢাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। কেউ চাঁদা দিতে না চাইলে তার নির্দেশে তারা হামলা চালিয়ে থাকে। আর এসব হামলার ঘটনায় আরিফ অপারেশন কমান্ডার হিসেবে কাজ করে বলে সে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/টিআর/২৩১৪ ঘ.