যশোর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিবের ছিনতাই হওয়া সরকারি গাড়িটি শুক্রবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
১১ এপ্রিল রাতে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মতিউর রহমানকে উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় নামিয়ে দিয়ে ফেরার পথে ওই এলাকার প্রধান সড়কে সন্ত্রাসীরা চালক কবির হোসেনকে গুলি করে গাড়িটি (ঢাকা মেট্রো-গ- ২১- ৭০৯৮) নিয়ে যায়।
আহত কবির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জনান, ঢাকায় গ্রেপ্তার করা সিরাজ (৩৩) নামে এক ব্যক্তিকে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভয়নগর আসে। সিরাজের দেওয়া তথ্যে ভিত্তিতে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের হিরক নামে এক ব্যক্তির বাড়ি থেকে গাড়িটি উদ্ধার করে।
তবে হিরককে আটক করা যায়নি বলে তিনি জানান।
ওসি জানান, কয়েকদিন আগে সিরাজ গাড়িটি অভয়নগরের ঘোপেরঘাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন সুলতানার ছেলে হিরকের কাছে নিয়ে আসে। হিরক গাড়িটি ১০ লাখ টাকায় কিনে এবং ৫ লাখ টাকা পরিশোধ করে। বাকি টাকা আগামী মঙ্গলবার পরিশোধ করার কথা ছিল। সিরাজ ঢাকায় ফেরার পর গ্রেপ্তার হয়।
হিরক ঢাকায় থাকেন এবং তার বাবা বিদেশে কর্মরত বলে জানান ওসি আবু বকর।
ঢাকা থেকে আসা চোরই গাড়ি উদ্ধার ও প্রতিরোধ টিমের সদস্য উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল আলম জানান, ছিনতাই চক্রের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে।
তিনি জানান, গোয়েন্দা পুলিশ সিরাজকে গাড়িসহ ঢাকায় নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24