উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া
ঘূর্ণিঝড় বিজলীর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইছে। বরিশালে নদ-নদীতে স্বাভাবিকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি।
ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় বিজলীর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইছে। বরিশালে নদ-নদীতে স্বাভাবিকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি।
বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, নোয়াখারী, চাঁদপুরসহ উপকূলীয় এলাকার দূরপাল্লার নৌযানসহ বিভিন্ন রুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুক্রবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দরে কাজ বন্ধ রাখা হয়েছে। সকাল ১১টার পর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।
বিজলীর আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলোর প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কর্মসূচির আওতায় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাগুলোর ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যাতে দ্রুত লোকজনকে সরিয়ে আনা যায়।
ফেনীর উপকুলীয় উপজেলা সোনাগাজীতে ১০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রর সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার রাত ৮টায় আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘুর্ণিঝড় 'বিজলী' সামান্য উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকুল অতিক্রম করতে পারে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত, কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় এবং মংলা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, চাঁদপুর জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আর কক্সবাজার এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর:
কক্সবাজার: কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সাগর উত্তার রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি নিয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় সব ট্রলারই উপকূলে ফিরে এসেছে। এদিকে শহরে ও উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।
ঘূর্ণিঝড় 'বিজলী'র প্রভাবে বৃহস্পতিবার বিকাল থেকে কক্সবাজার শহর ও আশেপাশের উপজেলা গুলোতে বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার দুপুর ১২টার পর থেকে হালকা দমকা হাওয়া বইছে।
কক্সবাজার আবহাওয়া দপ্তর বিকাল ৩টা পর্যন্ত ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
কক্সবাজারে যে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে তা স্বাভাবিক বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহিম।
তিনি জানান এর গতিবেগ ঘণ্টায় নয় কিলোমিটার।
কক্সবাজার জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ জানান, দূর্যোগ মোকাবেলায সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দূর্যোগে সাধারণ মানুষকে উদ্ধারে কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, ওয়ার্ল্ড ভিশন কক্সবাজার শহর ও উপকূলীয় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান মুজিব জানান, সাগরে মাছ ধরতে যাওয়া প্রায সব ট্রলারই উপকূলে ফিরে এসেছে। কোন ফিশিং ট্রলার সাগরে আছে বলে তার জানা নেই।
বরিশাল: ঘূর্ণিঝড় বিজলী বরিশাল জেলার চারটি উপজেলায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন।
বরিশাল জেলা প্রশাসক মো. মশিউর রহমান জানান, হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদী ও আগৈলঝাড়া উপজেলা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ। এসব উপজেলায় দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, জেলার ১০টি উপজেলায় ১০টি ও জেলায় সদরে একটিসহ ১১টি নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, স্কুল, কলেজ, মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।
জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে ঝুঁকিপূর্র্ণ চিহ্নিত এলাকার বাসিন্দাদের গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সিভিল সার্জনকে মেডিকেল টিম প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রুত যোগাযোগের জন্য জেলা প্রশাসনের একটি এবং পুলিশ প্রশাসনের একটি স্পিড বোট সার্বক্ষণিক প্রস্তত রাখা হয়েছে।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, জেলার সব থানাকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ টহল।
বরিশাল আবহাওয়া অফিস সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩ টা থেকে শুক্রবার বিকেল ৩ টা পর্যন্ত বরিশালে ৩০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়ভাবে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল।
বরিশাল নদী বন্দর কতৃপক্ষ বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত জারি করে অভ্যন্তরীণ ও দুরপাল্লার সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।
নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রিয়াদ হোসেন জানান, অবস্থার উন্নতি না হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা এবং অন্যান্য রুটের দুরপাল্লার নৌযান চলাচল বন্ধ থাকবে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, দূযোগপূর্ণ আবহায়ার কারণে বরিশাল অঞ্চলের সকল নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। তবে তা বিপদসীমা অতিক্রম করেনি বলে জানান তিনি।
বরিশাল রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, স্বেচ্ছাসেবী দল প্রস্তুত রাখা হয়েছে।
ভোলা: ঘূর্ণিঝড় বিজলীর প্রভাবে শুক্রবার সারাদিন ভোলার কোথাও থেমে থেমে, আবার কোথাও হালকা আবার কোথাও প্রবল বেগে বৃষ্টিপাত হয়েছে। বিকেলে জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে দমকা হাওয়ায় কিছু কাচাঘর বিধ্বস্থ হয়েছে।
ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা হয়। সভায় জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান- জেলা প্রশাসকের দপ্তরে একটি এবং জেলার সাত উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সাতটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষদের কাছাকাছি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। জেলার সর্বত্র স্থনীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে মাইকিং করে জনগণকে সর্তক ও প্রয়োজনে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে।
তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের কাছে ১৩১ মেট্রিক টন চাল রয়েছে। এছাড়া সরকারের কাছে নগদ ২ লাখ টাকা চাওয়া হয়েছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কর্মসূচির (সিপিপি) উপ পরিচালক বশির আহম্মেদ জানান, জেলার সাতটি উপজেলায় রেড ক্রিসেন্টের নয় হাজার ৬০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া ৬০৪ টি ইউনিটে মেগাফোন ও সতর্ক পতাকা রয়েছে প্রয়োজনে তা ব্যবহার করে মানুষকে সজাগ ও সতর্ক করা হবে।
পটুয়াখালী: জেলার প্রায় সর্বত্র থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বইছে দমকা হাওয়া। জেলা প্রশাসন জরুরি সভা করে জেলা সদরসহ ৮টি উপজেলায় নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। মাইকিং করা হচ্ছে বিচ্ছিন্ন চরাঞ্চলে। আশ্রয় কেন্দ্র গুলো খুলে দেয়া হয়েছে। উদ্ধারকারী সব নৌযান প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রসাসক মো. রিয়াজ আহমেদ জানান, বিকেল ৪টার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সব উপজেলায় সভা করে উপকূলে মাইকিং করা হচ্ছে। মাছ ধরা ট্রলারকে নিরাপদ স্থানে নোঙর করার জন্য বলা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, আবহাওয়া বৈরী হওয়ায় অভ্যন্তরীণ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, সাগর তীরে ৫ থেকে ৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। সাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে। কুয়াকাটা ও সাগর মোহনায় শত শত মাছ ধরা ট্রলার নোঙর করে আছে।
বাগেরহাট: বাগেরহাটের সর্বত্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে মংলা বন্দরের কাজ বন্ধ রাখা হয়েছে।
মংলা বন্দরের হারবার মাস্টার লেফটেন্যান্ট কমান্ডার এনামূল হক জানান, শুক্রবার সকালে ঘূর্ণিঝড় বিজলী মোকাবেলায় মংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার পর থেকে বন্দরে কাজ বন্ধ রাখা হয়েছে। মংলা বন্দরে থাকা তিনটি বাণিজ্যিক জাহাজকে (মার্চেন্ট শিপ) নিরাপদে রাখা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে আরও দুটি বাণিজ্যিক জাহাজসহ চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ফ্রিগেট খালেদ বিন ওয়ালিদ ও যুদ্ধ জাহাজ মধুমতি মংলা বন্দরে পৌছাবে। সেগুলোকেও নিরাপদ আশ্রয়ে রাখা হবে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান, মংলা বন্দরের অর্ধ শতাধিক বার্জ ও কার্গোকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লোকমান হাকিম জানান, মাছ ধরা নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। টহল জাহাজগুলোকে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ জানান, সুন্দরবন এলাকায় অবস্থানরত মাছ ধরা জেলে নৌকাগুলোকে সাবধানে রাখার জন্য বন বিভাগের সব রেঞ্জ কার্যালয়কে শুক্রবার সকালে নির্দেশ দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা ত্রাণ কর্মকর্তা (ডিআরও) আনছার আলী জানান, জেলা সদরসহ উপজেলাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে। এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। জেলায় মোট ২১২টি আশ্রয় কেন্দ্র রয়েছে বলে তিনি জানান।
ফেনী: ফেনীতে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রশিদ আমিন জানান, জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
উপকুলীয় উপজেলা সোনাগাজীতে ১০০ পরিবারকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মমিনুর রশিদ জানান, সোনাগাজীতে দিনভর মাইকিং করা হয়। উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবদুল ওয়াদুদসহ ইউপি চেয়ারম্যানরা উদ্ধার অভিযান তদারক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
