ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে একই ভবনে বসবাসরত দুই ভাইয়ের বাসায় ডাকাতি হয়েছে।
ডাকাতরা নগদ পাঁচ লাখ টাকা, ২৬ ভরি স্বর্ণ ও ৭টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে বলে বাসা দু'টির লোকজন পুলিশকে জানিয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, দক্ষিণ কুতুবখালীতে ফেরদৌস আহমেদ পিন্টু নামের এক ব্যক্তির বাসায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কলাপসিবল গেট কেটে ৭/৮ জন ডাকাত প্রবেশ করে। তারা নক করলে পিন্টু কোন প্রশ্ন না করেই দরজা খুলে দেন বলে উল্লেখ করে তিনি জানান, সঙ্গে সঙ্গে ডাকাতরা পিন্টুকে আঘাত করে বেঁধে ফেলে ও নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ডাকাতি করে।
ডকাতদের সবার মুখে কাপড় পেচানো ছিল বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, পরে পিন্টুকে সঙ্গে নিয়ে দোতলায় তার ভাই খসরু আহমেদের বাসার দরজায় নক করে ডাকাতরা। দরজা খুলে দিলে ডাকাতরা অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মী করে ডাকাতি করে।
এ ব্যাপারে ফেরদৌস আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৭/৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মনির হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২০১৫ ঘ.
bdnews24