বাগেরহাট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও)।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার কচুয়া থানায় এ অভিযোগ করেন। তবে পুলিশ তা এজাহার হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে লিপিবদ্ধ করেছে।
কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী আবু সাঈদ এবং উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করার মত নয় বলে জানিয়েছেন ওসি মাসুদ আলম।
বিষয়টি তদন্ত করার জন্য উপ-পরিদর্শক আকরাম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। থানা কি করেছে তা তিনি জানেন না।
ঘটনাটি জিডি হিসাবে গণ্য করা হয়েছে জানালে তিনি বলেন, "বিষয়টি দুঃখজনক। আমি জিডি করতে চাইনি।"
অভিযোগে বলা হয়, এই দুই নেতা বেআইনি ও উদ্দেশ্যমূলকভাবে কয়েকেজন ব্যক্তিকে নিয়ে গত ১ এপ্রিল ইউএনও অফিসে এসে সরকারি কাজে বাধা দেন এবং ইউএনওর বাড়িতে হামলার হুমকি দেন।
ইউএনও ওই সময় তার কার্যালয়ে ভূমিহীনদের ভূমি বরাদ্দ বিষয়ে একটি সভা করছিলেন। তখন তারা ইউএনও'র নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত কাজী আবু সাঈদ ও মো. সিরাজুল ইসলাম বলেন, ইউএনও'র অসংখ্য দুর্নীতি নিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24