ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'বিজলী'র প্রভাবে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে মৃদু ঝড়ো হাওয়া আছে।
পটুয়াখালী, বরিশালসহ ওই অঞ্চলের অভ্যন্তরীণ নৌপথে ছোট ছোট লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।
সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন জেলা প্রশাসন জরুরি বৈঠক করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল থেকে বিভিন্ন চরাঞ্চলে মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে।
পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
খুলনায় জেলা প্রশাসন নয়টি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যায় আরো উত্তরদিকে সরে গেছে। সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: ঘুর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। নৌ বন্দর কর্তৃপক্ষ বিকেল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। সম্ভাব্য দূর্যোগ মেকাবেলায় জেলা প্রশাসন বিকেল ৪ টায় জরুরি সভা করে। মাইকিং করা হচ্ছে বিচ্ছিন্ন চরাঞ্চলে। সংশ্লিষ্টদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ জানান, সব উপজেলায় সভা করে উপকূলে মাইকিং করা হচ্ছে। সমুদ্রগামী সব ট্রলারকে নিরাপদে নোঙর, বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষদের সতর্ক এবং ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, আবহাওয়া বৈরী হওয়ায় অভ্যন্তরীণ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
মহিপুর মৎস্য ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও হালকা বাতাস বইছে। সৈকতে চার থেকে পাঁচ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। কুয়াকাটা ও সাগর মোহনায় শত শত মাছ ধরা ট্রলার নিরাপদে নোঙর করে আছে।
বরিশাল: সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কর্মসূচি (সিপিপি) কর্তৃপক্ষ। প্রস্তুতি কর্মসূচির আওতায় পাঁচটি অঞ্চলে ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।
সিপিপি'র বরিশাল, বরগুনা, ভোলা অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে সকালে সব এলাকার দলনেতাদের বৈঠক হয়েছে। দুর্যোগকালে ব্যবহারের জন্য যাবতীয় উপকরণ পাঠানো হয়েছে ইউনিটগুলোতে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের চাবি নিজেদের কাছাকাছি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারির সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বিকেলে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুরূপ সভা হয়েছে বরগুনা, পটুয়াখালী, গলাচিপা, পাথরঘাটা জেলা ও উপজেলাগুলোতে।
বরিশাল থেকে কোনো ছোট লঞ্চ কোনো রুটে চলাচল করেনি। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলোকে আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের বন্দর কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বরিশাল নদী বন্দরের অধীনের সব অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের চেয়ে কম দৈর্ঘের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগরে মাছধরার সব ট্রলারকে নিরাপদে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতি বুধবার রাতেই সাগরে তাদের সব ট্রলারকে তীরে আসার পরামর্শ দিয়েছে। বিকেলে অনেক ট্রলার সাগর থেকে ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খুলনা: ঘূর্ণিঝড়ের আশংকায় খুলনার বটিয়াঘাটা, দাকোপ, কয়রা ও পাইকগাছা এবং বাগেরহাটের মংলাবন্দর, মোড়লগঞ্জসহ উপকুলীয় অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এ ছাড়াও জেলার ৯টি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, জেলা ত্রাণ শাখায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে।
বাগেরহাট: সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বাগেরহাট জেলা জুড়ে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বুধবার বিকালে বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি দুর্যোগ প্রস্তুতি সভা থেকে এ কথা জানানো হয়।
জেলার প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানান।
জেলা কৃষি স
bdnews24