চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় বৃহস্পতিবার নৌ-বাহিনীর আরো ১১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডির চট্টগ্রাম কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য নথিভুক্ত করা হয়।
এর আগে প্রথম দফায় বুধবার নৌ-বাহিনীর ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলায় উপকূলরক্ষী বাহিনীর ৩৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নোটিশ দেয়। ২০০৪ সালে অস্ত্র খালাসের ওই ঘটনার সময় উপকূলরক্ষী বাহিনীর চট্টগ্রাম অঞ্চলে তারা সবাই কর্মরত ছিলেন।
মামলায় কারাগারে আটক দুই আসামি হাফিজ ও দ্বীন মোহাম্মদ আদালতে জবানবন্দিতে অস্ত্রের চালান খালাসের সময় সিইউএফএল কর্মকর্তাদের মতো উপকূলরক্ষী বাহিনীর তৎকালীন কর্মকর্তারাও সহযোগিতা করেন বলে স্বীকার করেন।
তাদের জবানবন্দির ভিত্তিতে নৌ-বাহিনী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্ত কর্মকর্তা জানান।
মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা ১১ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম, ঢাকা ও খুলনায় নৌ-বাহিনীতে কর্মরত রয়েছেন।
তবে মামলার স্বার্থে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
১৯ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে নৌ-বাহিনীর নোটিশ দেওয়া বাকি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদে পাওয়া কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করে তিনি বলেন, উপকূল রক্ষী বাহিনীর তৎকালীন কর্মকর্তাদের বক্তব্য মামলার অগ্রগতিতে সহায়তা করবে।
এদিকে মামলায় কারাগারে থাকা সিইউএফএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আবেদনের শুনানির তারিখ রোববার ধার্য্য করা রয়েছে।
ওই দুই কর্মকর্তাকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য গত ১৩ এপ্রিল এই আবেদন জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এএল/টিআর/২১১৫ ঘ.
bdnews24