ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৈশাখের শুরুতেই খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন এলাকা। নতুন বাংলা বছরের প্রথম দিনেই গরম ছিল বেশ। বুধবারও গরমে নাকাল হয়েছেন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। খুলনা বিভাগ এবং রাজশাহী, ইশ্বরদী, ফরিদপুর, মাদারীপুর, সীতাকুণ্ড, ফেনী ও ঢাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এ মৃদু তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত বিশেষজ্ঞ বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরে নিম্নচাপের কারণে গরম অনুভূত হচ্ছে। এটি স্থলভাগে উঠে এলে তাপমাত্রা কমে আসবে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সন্ধ্যা ৬ টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩৪৬ঘ.
bdnews24