২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের রাইফেলের গুলিতে তরুণী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের রাইফেলের 'গুলি'তে মেরী বেগম নামের এক মহিলা আহত হয়েছেন। পহেলা বৈশাখের কনসার্টস্থলের পাশে এ ঘটনা ঘটে। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ বছরের মেরী সদর উপজেলার নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান শামীমা বাশারের মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের রাইফেলের 'গুলি'তে মেরী বেগম নামের এক মহিলা আহত হয়েছেন। পহেলা বৈশাখের কনসার্টস্থলের পাশে এ ঘটনা ঘটে। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ বছরের মেরী সদর উপজেলার নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান শামীমা বাশারের মেয়ে। তবে পুলিশ দাবি করেছে গুলির ঘটনা ইচ্ছাকৃত নয়। ধস্তাধস্তির সময় অসতর্কতাবশত ট্রিগারে চাপ পড়ায় গুলি বেরিয়ে যায়। শামীমা বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুণীজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বৈশাখী কনসার্ট চলছিল। তখন তার বাসার সামনে কয়েক যুবকের সঙ্গে তার ছেলে পাভেলও দাঁড়িয়েছিল। তিনি বলেন, কিন্তু স্টেডিয়াম ফটকে দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ নিরাপত্তার কথা বলে আশপাশের বাড়ির লোকজনকে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে নিষেধ করে। এতে পাভেলসহ আশপাশের লোকজনের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়। একটি গুলি তার মেয়ের গায়ে লাগে বলে তিনি জানান। পুলিশের লাঠিচার্জে পাভেল আহত হয় বলে উল্লেখ করে তিনি বলেন, দুজনকেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় সাংসদ লুৎফুল হাই সাচ্চু, জেলা প্রশাসক আব্দুল হাই এবং পুলিশ সুপারিনটেনডেন্ট মোখলেছুর রহমান হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। মোখলেছুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে গুলি ছোঁড়ার ঘটনাটি ই্চ্ছাকৃত নয়। ওই যুবকদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির সময় অসতর্কতাবশত ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২৩০৭ ঘ.