ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পহেলা বৈশাখে প্রাণের জোয়ারে ভাসছে বাঙালি। বসন্ত শেষে বৈশাখের খরতাপ ম্লান আজ বাঙালির প্রাণের উচ্ছাসে। তরুণ-তরুণী, শিশু-যুবা-বৃদ্ধ কেউ বসে নেই আজ ঘরে। হাটে মাঠে ঘাটে উচ্ছল পথচারী দখলে নিয়েছে সবকিছু।
মঙ্গলবারের সূর্যোদয় নিয়ে এসেছে ১৪১৬ বঙ্গাব্দের নতুন বারতা। জীর্ণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে আরেক বৈশাখ। আয়োজনের যেন শেষ নেই। রাজধানীসহ সারাদেশ মেতেছে প্রাণের বন্যায়।
যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ ও র্যাব কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। বিভিন্ন স্থানে মানুষের শরীর ও গাড়িতে তল্লাশিও চালানো হয়।
দেশের নানা স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো পহেলা বৈশাখ উদযাপনের খবর:
রাজশাহী: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে বর্ষবরণ করা হয়েছে। সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠন আয়োজন করে এসব অনুষ্ঠানের।
সকালে সিটি করপোরেশনের উদ্যোগে এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় মেয়র নতুন প্রজন্মের প্রতি শিকড়ের সন্ধানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের নানা দিক তুলে ধরার আহ্বান জানান।
উৎসবে বিভিন্ন সংগঠনের শিল্পীরা দেশীয় সঙ্গীত, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেন। নগরীর বিভিন্ন পেশা ও গোষ্ঠীর মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর অতিথিদের সানকিতে করে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সকালে আলুপট্টি এলকার পদ্মাঘাট বটমূলে সঙ্গীত পরিবেশন, নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিকেলে ভূবন মোহন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগ সকালে কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগ দেন। পদ্মা সাধারণ গ্রন্থাগারে আলোচনা সভারও আয়োজন করা হয়।
সকালে মহিলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তাদের কার্যালয়ে 'মঙ্গল প্রদীপ' প্রজ্জ্বলন করে। এ সময় রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুর রহমান খানসহ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।
বিকেলে পদ্মাচরে বৈশাখী সাজে সাধারণ মানুষের ঢল নামে।
খুলনা: বর্ষবরণ উৎসব উপলক্ষে বিভিন্ন সংগঠন শোভযাত্রা বের করার পাশাপাশি পান্তা-ইলিশ খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
আগের যেকোনো বারের তুলনায় এবারের বর্ষবরণ উদযাপনে মানুষের অংশগ্রহণ ছিল অনেক বেশি। সারাদিন নগরীতে ছিল জনতার ঢল।
ভোর সাড়ে ৬টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নগরীর ফরেস্ট ঘাট এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় তারা শহীদ হাদিস উদ্যোনে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সকাল ৭টায় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সমিতি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালি খাবার পরিবেশন করে।
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ সকাল ৮টায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা করে। শহীদ হাদিস পার্কে তারা পান্তা-ইলিশেরও আয়োজন করে।
নগরীর শান্তিধাম মোড়ে শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা। জাতিসংঘ শিশুপার্কেও তিনদিনের বৈশাখী মেলার আয়োজন করা হয়।
বরিশাল: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছে বরিশালবাসী।
ভোরে বিএম স্কুল প্রাঙ্গণে উদীচীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠান ও সকাল ৮টায় একই স্থান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
বিকেলে গণশিল্পী সংস্থার উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত হয় লোক সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যায় খেয়ালী গ্র"প থিয়েটারের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক আড্ডার।
বিএম স্কুল মাঠ, আমানতগঞ্জ টিবি মাঠ, শহীদ মিনার প্রাঙ্গণ এবং প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা।
খেলাঘর এবং প্রান্তিক সঙ্গীত বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনও নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে নতুন বছরকে বরণ করা হচ্ছে।
নববর্ষ উদযাপনে সিটি কর্পোরেশন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা ও সারদা হলে বৈশাখী মেলা।
শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আনন্দলোক দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৭টায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দ্রাবতী রায় দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। সকালে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও সঙ্গীত, বিভিন্ন ক্রীড়া কৌশল প্রদর্শন, গানে গানে খেলা, কৌতুক, একক অভিনয়, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়েও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। এর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, লোকসঙ্গীত, আবৃত্তি, ছড়াগান, নৃত্য, গান ও নাটক।
উদীচী শিল্পী গোষ্ঠী সকালে নগরীতে শোভাযাত্রা বের করে। এরপর তাদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, গীতিনাট্য ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
এছাড়া কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট সংস্কৃতি কেন্দ্র, ইসকন, সিলেট কৃষ্টি ও ঐতিহ্য লালন পরিষদ, সিলেট সাহিত্য পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, অংকুর সাহিত্য আসর, শাহ নজরুল শিল্পী গোষ্ঠী ও বালাগঞ্জ প্রেসক্লাব সাংস্কৃতিকসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
মুন্সীগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে এবার বর্ষবরণের অনুষ্ঠান চলছে। সকাল ৭টায় শহরের টেনিস মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোশারফ হোসেন।
সকাল ৮টায় টেনিস মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশের হাইস্কুলে বসেছে পান্তা-ইলিশের আসর। শহরের ইদ্রকপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলাসহ চলছে নানা অনুষ্ঠান। অন্যান্য বছরের তুলনায় এবারের বর্ষবরণ উৎসব একটি ভিন্ন মাত্রা পেয়েছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও।
মাগুরাঃ নেচে-গেয়ে, ঢাক-ঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরায় বর্ষবরণ করা হচ্ছে। সকাল থেকেই জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।
সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে নোমানী ময়দানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে আলোচনা সভা ও বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে সেগুন বাগিচায় স্বাধীনতা স্তম্ভে উদীচী শিল্পী গোষ্ঠী পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজন করা হয় বৈশাখের গানের অনুষ্ঠান।
সেই সঙ্গে চলে পান্ত-ইলিশ ও দেশি ফল খাওয়ার উৎসব।
পটুয়াখালী: নতুন সম্ভাবনার আলো জ্বালানোর প্রত্যাশা নিয়ে পটুয়াখালীতে চলছে বর্ষবরণ অনুষ্ঠান।
সকাল সাড়ে ৬টায় সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ ও পৌর মেয়র মোশতাক আহমেদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শহীদ আলাউদ্দিন শিশুপার্ক থেকে আরেকটি শোভাযাত্রা বের করে দখিনা খেলাঘর আসর।
এছাড়া শিশু উদ্যানে প্রদীপ জ্বালান প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মাঠের স্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিল্পীরা।
পটুয়াখালী ক্লাব টেনিস মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশ খাওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
নড়াইল: বর্ণাঢ্য শোভাযাত্রা আর আবহমান বাঙালির নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বর্ষবরণের গানের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। এ সময় পান্তা-ইলিশের আয়োজন করা হয়। নানা বয়সের মানুষ রঙ-বেরঙের পোশাক পরে নববর্ষের শোভাযাত্রায় অংশ নেয়।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুলতান মঞ্চ চত্বর ও শিল্পকলা একাডেমী চত্বরে পৃথক পৃথকভাবে বাংলা মেলারও আয়োজন করেছে।
চাঁদপুর: বর্ষবরণ উপলক্ষে সকালে চাঁদপুর শহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা বের করে।
তারা পান্তা-ইলিশ খাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।
চাঁদপুর ক্লাব ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী, পুরাতন আদালত পাড়া, গুয়াখোলা এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।
চাঁদপুর শহরের কালীবাড়ী এবং সদর উপজেলার বাবুরহাটের মঠখোলা এলাকাসহ বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা। চঁাঁদপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিশু-কিশোর, তরুণ-তরুণী-বৃদ্ধ মেলায় কেনা-কাটা করে।
সুনামগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে বর্ষবরণ করা হচ্ছে। ভোরে বিভিন্ন সংগঠন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বাহারী সাজে তরুণ-তরুণী ও শিশু-কিশোররা অংশ নেয়।
সুনামগঞ্জ পৌরসভা, উদীচী শিল্পী গোষ্ঠী, সমকাল সুহৃদ সমাবেশ, উপত্যকা ক্লাব পৃথক শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
বেলা ১১টা থেকে উদীচী শিল্পী গোষ্ঠী দিনব্যাপী পথনাটকের আয়োজন করেছে।
ভোলা: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় বর্ষবরণ করা হচ্ছে।
নানা আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, বৈশাখী আড্ডা এবং ভোলা থিয়েটারের বৈশাখী উৎসব। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও বৈশাখী উৎসব পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শিল্পকলা একাডেমী পহেলা বৈশাখকে বরণ করে নেয় গানে গানে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মহাসমারোহে উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ করা হয়েছে।
সকালে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বর্ষবরণ উৎসবের শুরু হয়। র্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যোগ দেয়। নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিল পান্তা-ইলিশ, বিভিন্ন জাতের ভর্তা, তরমুজ খাওয়া, নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/টিআর/২০৪২ ঘ.
bdnews24