আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৭৩১ কোটি টাকা ব্যয়ে দেশের সব জেলা সদরে আলাদা 'চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কাজের সুবিধার্থে নতুন বিচার বিভাগীয় হাকিমের ওই আদালত ভবন নির্মিত হচ্ছে।
মোট প্রকল্প ব্যয় ৭শ' ৩১ কোটি ৬৯ লাখ টাকার পুরোটাই আসবে সরকারি তহবিল থেকে।
একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পটির কার্যপত্রে বলা হয়েছে, দেশের ৬৪টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করা হলেও অবকাঠামোগত সুবিধা না থাকায় এ সব আদালত জেলা জজ আদালতের সঙ্গে ভাগাভাগি করে বিচার কার্যক্রম পরিচালনা করছে। পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে ৬৪টি জেলায় প্রয়োজনীয় অবকাঠামোসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।
২০০৯ সালের ফেব্র"য়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ হবে ২০১৪ সালের জুনের মধ্যে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, "বিচার বিভাগ আলাদা করার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের খুবই প্রয়োজন দেখা দিয়েছিল। এ বিষয়টি বিবেচনায় রেখে এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৩৩ঘ.
bdnews24