২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব ভারতের

ভারতের পরিকল্পিত টিপাইমুখ বাঁধ প্রকল্প পর্যবেক্ষণে একটি বাংলাদেশী প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে সেদেশ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার এক বৈঠকে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন এই প্রস্তাব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পরিকল্পিত টিপাইমুখ বাঁধ প্রকল্প পর্যবেক্ষণে একটি বাংলাদেশী প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে সেদেশ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার এক বৈঠকে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন এই প্রস্তাব দেন। পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, টিপাইমুখ বাঁধের কারণে বৃহত্তর সিলেট অঞ্চলের মেঘনা নদী শুকিয়ে যেতে পারে। বৈঠকে বিতর্কিত প্রকল্পটি নিয়ে ঢাকার উদ্বেগের কথা মন্ত্রী তুলে ধরেন। এই প্রকল্পটির ফলে আন্তর্জাতিক নদীটির পানির হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হতে পারে। শিব শঙ্কর মেনন স্বল্প সময়ের নোটিশে এক অঘোষিত সফরে রোববার ঢাকায় আসেন। 'বন্ধুপ্রতীম প্রতিবেশি দেশের সঙ্গে চলমান সংলাপ'-এ অংশ নেওয়াই তার এ সফরের উদ্দেশ্য বলে রোববার রাতে স্থানীয় ভারতীয় হাইকমিশন জানায়। বৈঠক শেষে তৌহিদ সাংবাদিকদের বলেন, "টিপাইমুখ বাঁধ নিয়ে তারা আমাদের উদ্বেগ দূর করার চেষ্টা করছে।" সচিব বলেন, ভারতীয় সচিব রাজনৈতিক ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দলকে প্রকল্প এলাকায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে। দীপু মনি, তার ডেপুটি হাসান মাহমুদ ও সচিব তৌহিদের সঙ্গে বৈঠকের পর মেনন সাংবাদিকদের বলেন, "উদাহরণস্বরূপ পানি নিয়ে বাংলাদেশের কিছু উদ্বেগ রয়েছে। আসলে আমাদের পরিকল্পনা কী, সেখানে কী ঘটছে, তা স্বচক্ষে দেখার জন্য আমরা বাংলাদেশী একটি প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানাতে পারলে খুশি হবো।" "আমরা কেবল একটি নদী প্রকল্পের পরিকল্পনা করেছি", মন্তব্য করে ভারতীয় সচিব বলেন, এতে ভাটি অঞ্চলের দিকে পানি প্রবাহ ব্যাহত হবে না। মেনন বলেন, "এটি বন্ধু ও প্রতিবেশী দেশের মধ্যে চলমান সংলাপের অংশ। সামনে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করার জন্য আমরা আলোচনা চালিয়ে যাবো।" একে তিনি স্বাভাবিক ঘটনা বলে অভিহিত করেন। ২০০৩ সালে ভারত আন্তঃসীমান্ত বরাক নদীতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে এটি মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা না করে গত বছরের শেষ দিকে ভারত এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে। বাংলাদেশ উজান থেকে আসা পানির মোট ৭ থেকে ৮ শতাংশ পেয়ে থাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বরাক নদী থেকে। মৎস্যসম্পদ আহরণ ও চাষাবাদের জন্য সিলেট অঞ্চলের কোটি কোটি মানুষ বরাক নদীর পানি প্রবাহের ওপর নির্ভরশীল। কেননা এ অঞ্চলের নদী, নালা, খাল-বিল মূলত ভরে ওঠে বরাক নদীর পানিতে। বাংলাদেশের পরিবেশবিদরা প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, ভারতের এই বাঁধ নির্মাণের ফলে ভাটি অঞ্চলের খাল-বিল, নদী-নালা সব শুকিয়ে যাবে। এতে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে। বাংলাদেশের এই দাবি ভারত স্রেফ উড়িয়ে দিয়েছে। আকস্মিক সফর পূর্ব কোন ঘোষণা ছাড়া এত স্বল্প সময়ের নোটিশে ভারতের কোন পররাষ্ট্র সচিবের এটিই প্রথম বাংলাদেশ সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। তবে শিব শঙ্কর মেনন এর সঙ্গে একমত হননি। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা নিয়মিতই বৈঠকে বসে থাকি। আমাদের কোন পূর্ব নির্ধারিত সময়সূচি থাকে না। যখনই দরকার মনে করি তখনই আমরা আলোচনায় বসি।" তৌহিদ বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ভারতীয় সচিবের প্রথম বাংলাদেশ সফর। সচিব বলেন, ভারতে নুতন সরকার নির্বাচিত হওয়ার পর অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয়গুলো সমাধানের ক্ষেত্র প্রস্তুত করা উচিৎ বলে তারা মনে করছেন। তিনি বলেন, "অতীতে হয়তো জটিলতা ছিল এমন অনেক বিষয়ে আমরা এমন একটা অবস্থায় এসেছি যেখান থেকে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।" আলোচনার মান নিয়ে 'খুবই সন্তোষ' প্রকাশ করে তিনি বলেন, এতে বন্ধুত্বের মানও প্রতিফলিত হয়েছে। নিরাপত্তা মেনন বলেন, তিনি নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্য বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে তার ওপরও। এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূলে একত্রে কাজ করাটা তিনি উভয় দেশের জন্য অভিন্ন স্বার্থ বলে অভিহিত করেন। মেনন বলেন, "এবং এই কাজটি আমরা এক সঙ্গে করবো। তাই এ লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করে যাবো।" ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান মইন উ আহমেদের সঙ্গেও দেখা করেন। সোমবার তার ঢাকা ত্যাগের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এফএফ/টিআর/এসকে/২১২৩ঘ.