রাজশাহী, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলা নববর্ষের প্রথমদিন মঙ্গলবার থেকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় ট্রেন চলাচলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে।
এছাড়া কয়েকটি আন্তনগর ট্রেনের নামও পরিবর্তন করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (প্যাসেঞ্জার) রুহুল আমিন।
তিনি জানান, সকাল সোয়া ৭টায় রাজশাহী থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত আন্তনগর 'সিল্কসিটি' এক্সপ্রেস চলবে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত।
রাত পৌনে ১১টায় সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচলকারী আন্তনগর 'নীলসাগর এক্সপ্রেস' চলবে নীলফামারী থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত।
সকাল সাড়ে ৮টায় খুলনা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট অভিমুখী 'সুন্দরবন প্রভাতী' (৭৬৩) এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খুলনাগামী 'সুন্দরবন নিশীথা' (৭৬৪) এ দু'টি আন্তনগর ট্রেনের নতুন নাম করা হয়েছে 'চিত্রা এক্সপ্রেস'।
অপরদিকে, সকাল সাড়ে ৬টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খুলনাগামী 'সুন্দরবন প্রভাতী' (৭২৬) এবং রাত ৮টায় খুলনা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট অভিমুখী 'সুন্দরবন নিশীথা' (৭২৫) আন্তনগর ট্রেনের নামকরণ করা হয়েছে 'সুন্দরবন এক্সপ্রেস'।
এছাড়া, সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী থেকে খুলনাগামী 'কপোতাক্ষ প্রভাতী' (৭৬২) এবং বিকেল ৩টায় খুলনা থেকে রাজশাহী অভিমুখী 'কপোতাক্ষ গোধুলী' (৭৬১) আন্তনগর ট্রেনের নতুন নামকরণ করা হয়ছে 'সাগরদাঁড়ী এক্সপ্রেস'।
সকাল সাড়ে ৬টায় খুলনা থেকে রাজশাহী অভিমুখী 'কপোতাক্ষ প্রভাতী' (৭১৫) এবং দুপুর ২টায় রাজশাহী থেকে খুলনাগামী 'কপোতাক্ষ গোধুলী' (৭১৬) ট্রেন দু'টি 'কপোতাক্ষ এক্সপ্রেস' নামে চলাচল করবে।
ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ অপরিবর্তিত থাকবে বলেও রেল কর্মকর্তা জানান।
এদিকে আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, মঙ্গলবার থেকে 'নীলসাগর এক্সপ্রেস' ঢাকা ক্যান্টনম্যান্ট স্টেশন-নীলফামারী রুটে চলাচল করবে। ট্রেনটি আগে চলত ঢাকা ক্যান্টনম্যান্ট স্টেশন-সৈয়দপুর রুটে।
নীলফামারী রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম সফিকুল ইসলাম জানান, ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলবে। প্রতি রোববার বন্ধ থাকবে।
স্টেশন মাস্টার আরও জানান, নীলসাগর এক্সপ্রেস চালু হওয়ার কারণে নীলফামারী থেকে খুলনা চলাচলকারী আন্তনগর ট্রেন 'রূপসা' ও 'সীমান্ত' প্রত্যাহার করা হয়েছে। এ দু'টি ট্রেন এখন থেকে চলবে খুলনা-সৈয়দপুর রুটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24