২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় গ্রেপ্তার হুজি নেতাকে জিজ্ঞাসাবাদ

কলকাতায় গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ (হুজি-বি) এর নেতা মুফতি ইব্রাহীম ওরফে জালালউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির (অপারেশনস) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএন গুপ্ত এ সম্পর্কে বলেন, "ইব্রাহিম আমাদের হেফাজতে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

সুমন কে চক্রবর্তী নয়া দিল্লি, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কলকাতায় গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ (হুজি-বি) এর নেতা মুফতি ইব্রাহীম ওরফে জালালউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির (অপারেশনস) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএন গুপ্ত এ সম্পর্কে বলেন, "ইব্রাহিম আমাদের হেফাজতে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।" হুজি-বি'র কমান্ডার মুফতি আব্দুল হান্নানের ভাতিজা মুফতি ইব্রাহীমকে রোববার সন্ধ্যায় কলকাতার পূর্ব শহরতলির একটি এপার্টমেন্ট থেকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে। ৩৫ বছর বয়সী ইব্রাহীম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই বার হত্যার ব্যর্থ চেষ্টাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকাভুক্ত। এসএন গুপ্ত জানান, ইব্রাহীম কয়েক বছর আগে কসমেটিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করেছে। ১৯৯৩ সালে হুজি-বিতে যোগদানকারী ইব্রাহিম ছয় বছরেরও বেশি সময় ধরে কলকাতার ওই এপার্টমেন্টেই বসবাস করছিল। সে ওই এলাকায় মানিক মণ্ডল নামে পরিচিত এবং সেখানে তার একটি ছাতার দোকান আছে। ইব্রাহীম ২০০০ সালের জুলাই মাসে শেখ হাসিনাকে হত্যার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়ায় তার সভাস্থলের কাছে ৭৬ কেজি বিস্ফোরক পুঁতে রাখার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন পলাতক আসামী। এছাড়া ২০০৪ সালের আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলারও অন্যতম সন্দেহভাজন ইব্রাহীম। ওই হামলার পরিকল্পনাকারী তার চাচা মুফতি হান্নানকে পরে গ্রেপ্তার করা হয়। সিআইডির তথ্যমতে, ২০০০ সালে ইব্রাহীম পশ্চিমবঙ্গে পালিয়ে আসে। তারপর ভুয়া পাসপোর্ট দেখিয়ে চারবার সে বাংলাদেশে যাতায়াত করেছে। ভারতে বসবাসের জন্য পাসপোর্ট বা বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট-এ মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেসি/এফএফ/এজে/এইচএ/১৭১৫ঘ.