ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ভালো সমবায় প্রতিষ্ঠানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, "আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য ভালো সমবায়ী প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমাদের দেশে ভালো সমবায় প্রতিষ্ঠানের অভাব রয়েছে।"
রোববার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতা বলেন।
বাংলাদেশ ব্যাংক কর্মচারি সমবায় ঋণদান সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণদান সমবায় সমিতি সুশৃঙ্খল ও সময়োপযোগী। এই সমবায়কে আরো গতিশীল করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে গভর্নর বলেন, সব ধরণের পুরস্কার এক ধরণের স্বীকৃতি। আর স্বীকৃতির মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকতে হবে। জাতীয় জীবনে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক কর্মচারি সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গাজী সাইফুর রহমান।
সমিতির সদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে যারা ২০০৮ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাদের এ বৃত্তি দেওয়া হয়। এসএসসি পর্যায়ের ১০৮ এবং এইচএসসির ৫৬ জন মেধাবী ছাত্রকে এ বৃত্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএনএস/এইচএ/০০৫০ঘ.
bdnews24