২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেবে দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংসদ এবং সংবিধান অবমাননার যে অভিযোগ এনেছে সে বিষয়ে চিঠি পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেবে দুদক। তবে তারা আগের অবস্থানেই অনড় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংসদ এবং সংবিধান অবমাননার যে অভিযোগ এনেছে সে বিষয়ে চিঠি পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেবে দুদক। তবে তারা আগের অবস্থানেই অনড় রয়েছে। রোববার বিকেলে দুদকের বিরুদ্ধে সংসদ এবং সংবিধান অবমাননার অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। নোটিশ পাওয়া সত্ত্বেও স্থায়ী কমিটির সভায় না যাওয়ায় সকালে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুদকের বিরুদ্ধে সংসদ এবং সংবিধান অবমাননার অভিযোগ আনে। দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ সচিব এবং দুই কমিশনার কোন আইন বলে সভায় উপস্থিত হননি তা-ও কমিটির আগামী ২ জুনের বৈঠকের ৭ দিন আগে জানাতে বলা হয়েছে। হাবিবুর রহমান বলেন, "এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানতে পারিনি। আগে চিঠি আসুক, তারপর ব্যাখ্যা দেওয়া হবে। তবে দুদক আগের সিদ্ধান্তেই অনঢ় রয়েছে।" গত ৭ এপ্রিল স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তলব করার এখতিয়ার নেই দাবি করে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, "দুদক শুধু রাষ্ট্রপতির কাছেই জবাবদিহি করতে বাধ্য, অন্য কারো কাছে নয়। তাছাড়া সংসদীয় স্থায়ী কমিটির এখতিয়ারে যেসব প্রতিষ্ঠানকে তলব করার ক্ষমতা রয়েছে তাতে দুদকের নাম নেই। " ৫ এপ্রিল দুদকের শুরু থেকে বর্তমান পর্যন্ত কাজের বিবরণ, সর্বশেষ বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং কমিশনের এযাবতকার কাজের বিবরণসহ দুই কমিশনারকে সংসদীয় স্থায়ী কমিটির ১২ এপ্রিলের বৈঠকে যোগ দিতে চিঠি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১২৬ঘ.