২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাভেল এজেন্সির কর্মচারিকে গুলি করে হত্যা

রাজধানীর বনানীতে বৃহস্পতিবার সকালে একটি ট্রাভেল এজেন্সিতে ঢুকে গুলি করে এক কর্মচারিকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। 'দাহমাসি কর্পোরেট লিমিটেড' নামের এজেন্সিটি বনানীর ১২ নম্বর রোডের ৩৩/এ নম্বর ভবনে অবস্থিত। এজেন্সির স্বত্বাধিকারী এনাম আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি করে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে বৃহস্পতিবার সকালে একটি ট্রাভেল এজেন্সিতে ঢুকে গুলি করে এক কর্মচারিকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। 'দাহমাসি কর্পোরেট লিমিটেড' নামের এজেন্সিটি বনানীর ১২ নম্বর রোডের ৩৩/এ নম্বর ভবনে অবস্থিত। এজেন্সির স্বত্বাধিকারী এনাম আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি করে।" এতে অফিসের পাচক নজরুল ইসলাম (২৮) এবং পিয়ন জহিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এনাম আহমেদ চৌধুরী জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় একটি প্যাকেট ফেলে যায়। এই প্যাকেটের মধ্যে সাদা কাফনের কাপড় এবং পাঁচ কোটি টাকা চাঁদা চেয়ে একটি চিরকুট রয়েছে। চাঁদার দাবিদার হিসেবে 'শাহাদত' নাম উল্লেখ করে টাকা না দিলে এনাম এবং তার বড় ভাই নোমানকে কাফনের কাপড় পড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে চিরকুটে। এতে একটি মোবাইল ফোন নম্বরও দেওয়া আছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১৪১৩ ঘ.