২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বুধবার বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বুধবার বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক মহিলা সাংসদ নূর আফরোজ বেগম, শহর বিএনপি সভাপতি মাহবুবর রহমান বকুল, আলী আজগর হেনা ও সহিদ-উন-নবী সালাম উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাতিল করা না হলে এ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হবে। চাঁদপুর প্রতিনিধি জানান, সন্ধ্যায় জেলা ছাত্রদল নেতা-কর্মীরা শহরে প্রতিবাদ মিছিল বের করে। শহরের শাপলা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলকারীরা আবার শাপলা চত্বরে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন মো. বাবর, জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল। সমাবেশে অবিলম্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। সিলেট প্রতিনিধি জানান, সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এতে বিএনপি নেতা-কর্মীরাও অংশ নেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট পয়েন্টে গিয়ে মিছিলকারীরা সমাবেশ করে। জেলা ছাত্রদল সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপি নেতা আলী আহমদ, মিসবাহুল কাদির ফাহিম, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব এবং ছাত্রদল নেতা আবদুল আহাদ খান জামাল বক্তব্য রাখেন। শরীয়তপুর প্রতিনিধি জানান, বিকেলে জেলা ছাত্রদল ও যুবদল প্রতিবাদ সমাবেশ করেছে। আইনজীবী মাসুদুর রহমানের চেম্বারে জেলা ছাত্রদল সভাপতি রুহুল আমীন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সদর থানা বিএনপি সভাপতি জহিরুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ফকির, জেলা যুবদল সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, জেলা ছাত্রদল সহ-সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মজিবুর রহমান তালুকদার পৃথক বিবৃতিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/০০২০ ঘ.