ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১০ জন উপ-সচিবসহ ১৫ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়।
উপ-সচিবদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব খালেদা পারভীনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও ওএসডি উপ-সচিব এবিএম নাসিরুল আলমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এনএপি'র ঊর্ধ্বতন বিশেষজ্ঞ সাবের হোসেনকে পাট অধিদপ্তরের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক খুরশিদ আলমকে এনার্জি রেগুলেটরি কমিশনের (ইআরসি) সচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক এএফএম ফারুক হোসেনকে একই দপ্তরের পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন আব্দুল্লাহেল বাকীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা শরফুদ্দিন খান জিলানীকে সেন্ট্রাল কো-অর্ডিনেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব ইএমটিএপি প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
ডিসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।
তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা সাজ্জাদ হায়দার প্রেষণে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব নিযুক্ত হয়েছেন।
মৎস্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক মমতাজ হোসেন মিয়াকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানকে সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক, মোহাম্মদ মিজানুর রহমানকে শিপিং করপোরেশন, চট্টগ্রাম অফিসের মহাব্যবস্থাপক ও হোমায়রা বেগমকে মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অধীন মহিলা সহায়তা কর্মসূচি প্রকল্পের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) শাহেদ সবুরের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১৩৭ঘ.
bdnews24