২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা তদন্তকে ভিন্নখাতে নিতেই জিয়ার 'স্মৃতিবিজড়িত' বাসা নিয়ে ষড়যন্ত্র: বিএনপি

পিলখানার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সেনানিবাসে জিয়ার 'স্মৃতিবিজড়িত' বাসাটি নিয়ে সরকার 'ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সেনানিবাসে জিয়ার 'স্মৃতিবিজড়িত' বাসাটি নিয়ে সরকার 'ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। (বিস্তারিত) শনিবার বিএনপির এক প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ এ অভিযোগ করেন। ওই বাসাটি সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সংসদে নিয়ম ভেঙে ঢাকা সেনানিবাসের বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে মন্তব্য করে খালেদা জিয়াকে তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। বিকালে মুক্তাঙ্গনে বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দাবি করেন জাতীয় সংসদের সিদ্ধান্তে শহীদ মইনুল রোডের বাসাটি সেনানিবাসের আইন মেনেই বরাদ্দ দেওয়া হয় খালেদা জিয়াকে। মোশাররফ বলেন, "ওই বাড়িতে খালেদা জিয়া তার পরিবারসহ থাকেন। তাকে বাসাটি ছেড়ে দেওয়ার যে অনুরোধ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তা দেশের জনগণ মেনে নেবে না। আমরা মনে করি, পিলখানার ঘটনা তদন্তের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দিয়েছেন।" এই বাড়ির কথা বলে পিলখানার তদন্ত ও নিহত বিডিআর সেনা কর্মকর্তাদের পুনর্বাসনের কাজ বিলম্বিত করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের দাবিও জানান। মোশাররফ একইসঙ্গে বিডিআর ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে বাড়ি দিয়ে পুনর্বাসনের দাবিও জানান। সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, সেনানিবাসের ভেতরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ি থাকা 'সমীচীন নয়।' শেখ হাসিনা বাড়িটির স্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট তৈরিরও প্রস্তাব করেন। সাংসদ এম কে আনোয়ার সরকারের উদ্দেশে বলেন,'' সরকার শহীদ জিয়ার সেনানিবাসের বাসাটি নিয়ে ষড়যন্ত্র করছে। এই বাসা নিয়ে সরকার বাড়াবাড়ি করলে বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে। আমাদের সেই পথে যেতে বাধ্য করবেন না।'' প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সাংসদ বরকত উল্লাহ বুলু, মজিবুর রহমান সারোয়ার, আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, খায়রুল কবীর খোকন, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্র নেতা নাসিরউদ্দিন অসীম, হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি আজিজুল বারী হেলাল, সহ-সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতৃবৃন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৯ঘ.