২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিলেটসহ বিভিন্ন স্থানে শোক পালন

ঢাকায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের তৃতীয় দিনে রোববার দেশের বিভিন্ন স্থানে শোক-র‌্যালি, গায়েবানা জানাজা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - ঢাকায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের তৃতীয় দিনে রোববার দেশের বিভিন্ন স্থানে শোক-র‌্যালি, গায়েবানা জানাজা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত হয়েছে। গত শুক্রবার থেকে পালিত হচ্ছে শোক। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। বিডিনিউজ ২৪ ডটকম চট্টগ্রাম অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ- চট্টগ্রাম: চট্টগ্রামে বিভিন্ন সংগঠন নিহতদের স্মরণে শোক-র‌্যালি, গায়েবানা জানাজাসহ নানা কর্মসূচি পালন করেছে। বিকেলে নগরীর শহীদ মিনার থেকে নাগরিক সমাজের ব্যানারে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। শিক্ষক, সাংবাদিক, ছাত্র, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালির শুরুতে নাগরিক সমাজের পক্ষে ঘোষণা পাঠ করেন মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, বীর প্রতীক। আইনজীবী রানা দাশগুপ্তের বক্তব্যের পর কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল হক, সাংবাদিক আবুল মোমেন, রাজনীতিক শাহ আলম, নাট্য ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান বাদল, রাশেদ হাসান প্রমুখ অংশগ্রহণ করেন। নাগরিক সমাজের ঘোষণায় নিহত সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে অবিলম্বে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানানো হয়। এদিকে, বিকেলে লালদীঘি ময়দানে মহানগর আওয়ামী লীগ এক গায়েবানা জানাজার আয়োজন করে। সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজার পর একটি শোকর‌্যালি কোতয়ালী, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাব ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সিলেট: নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরভবন প্রাঙ্গণে সকালে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এ মাহফিলে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান, পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, উপ মহা পুলিশ পরিদর্শক মো. আবুল কাশেম, জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, র‌্যাব-৯ এর অধিনায়ক খালিদ হোসেন, পুলিশ সুপার এস এম রুহুল আমিন, সাংবাদিক ও আইনজীবীসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া নেত্রকোনা ও বাগেরহাটে মিলাদ ও দোয়া মাহফিল, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে শোকর‌্যালি এবং গোপালগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও শোক র‌্যালি হয়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২২২৩ ঘ.