২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জাটকা জাল নৌকাসহ ১০ জেলে আটক

চাঁদপুরের মেঘনা নদীতে শনিবার গভীর রাতে মাছ ধরার সময় ইঞ্জিনচালিত নৌকা, কারেন্ট জাল ও জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

চাঁদপুর, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম) - চাঁদপুরের মেঘনা নদীতে শনিবার গভীর রাতে মাছ ধরার সময় ইঞ্জিনচালিত নৌকা, কারেন্ট জাল ও জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে পুলিশ। জাটকা রক্ষা কর্মসূচির আওতায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর একশ' কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় নির্দিষ্ট নদীসীমায় কেউ মাছ ধরলে বা জাল ফেললে তার শাস্তির ব্যবসায় রয়েছে। আটক জেলেরা হলেন- আব্দুল কাদের (২৮), শুক্কুর আলী (১৮), শাহ আলম (১৮), আলাউদ্দিন (১৮), আলম (১৯), দেলোয়ার (৩০), হাসান গাজী (১৯), আব্দুল হামিদ দেওয়ান (১৭), আব্দুল বারেক (২৮) ও সানাউল্যাহ (২৮)। এদের মধ্যে সানাউল্যাহ ও শুক্কুর আলীর বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর উপজেলায়। বাকিদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। চাঁদপুর সদর উপজেলার আলুরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "শনিবার গভীর রাতে আলুরবাজার এলাকায় মেঘনা নদীতে পুলিশ অভিযান চালায়। এ সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার সময় ১০ জেলেকে আটক করা।" জেলেদের কাছ থেকে চারটি ইঞ্জিনচালিত নৌকা, তিন হাজার মিটার কারেন্ট জাল এবং পাঁচ মণ জাটকা আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হবে। এছাড়া জাল ও মাছ পুড়িয়ে ফেলা হবে বলে সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০৫ ঘ.