২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠনের জন্য কমিটি গঠন

সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠনের জন্য বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠিত হচ্ছে। সোমবার বিডিআর সদর দপ্তরে সমন্বয় কমিটির তিন ঘন্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান প্রধান সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী ফারুক খান। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠনের জন্য বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠিত হচ্ছে। সোমবার বিডিআর সদর দপ্তরে সমন্বয় কমিটির তিন ঘন্টাব্যাপী বৈঠক শেষে এ কথা জানান প্রধান সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ফারুক খান বলেন, "নাম পরিবর্তন করে নতুন সীমান্তরক্ষী বাহিনী গঠনের জন্য বিডিআরের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে ৭/৮ জন থাকবেন।" এটি ছিল সমন্বয় কমিটির তৃতীয় বৈঠক। বৈঠকে বিডিআর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেনসহ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রধান ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিগগিরই প্রতিবেদন প্রকাশ সরকার ও সেনাবাহিনীর গঠিত অনুসন্ধান কমিটিগুলো খুব শিগগিরই প্রতিবেদন প্রকাশ করবে বলে বাণিজ্য মন্ত্রী জানান। তিনি বলেন, সিআইডির তদন্তের ভিত্তিতে অভিযোগপত্র দেওয়া হবে। ফারুক খান জানান, দ্রুত তদন্ত শেষ করে দ্রুত বিচারিক কাজ শুরু করা হবে। সরকার চেষ্টা করছে একজন নিরাপরাধীও যেন শাস্তি না পায়। আর অপরাধীরা যেন কেউ বেঁচে না যায়। মন্ত্রী এসময় বলেন, "দেশের সীমান্ত সুরক্ষিত রয়েছে। কর্মকর্তা ও জওয়ানরা সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরে যোগ দিয়েছেন।" ঘটনার অডিও ভিডিও রেকর্ড দরবার হলের ঘটনার অডিও এবং অস্ত্রাগার ও স্টোর লুটের ঘটনার ভিডিও (সিসিটিভি থেকে) রেকর্ড পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, এ থেকে সনাক্ত করার কাজ চলছে। তিনি গত কয়েকদিনে পিলখানার ভেতরে একটি আত্মহত্যাসহ চারজনের মৃত্যুর বিবরণ দেন। ১৮০০ সদস্য এখনও রিপোর্ট করেনি ফারুক খান জানান, ঘটনার দিন পিলখানায় ৭০০০ এর বেশি বিডিআর সদস্য ছিল। এর মধ্যে ১৮০০ সদস্য এখনও রিপোর্ট করেনি। অনেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়েছে। ৭১৪ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী জানান, ৮০ জন এখন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে রয়েছেন। ১৬১ ধারায় এদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্য থেকে অপরাধীদের সনাক্তের কাজ চলছে। এখন পর্যন্ত ৫৬টি অপরাধের স্থান দেখেছেন তদন্তকারীরা। প্রতিদিনই নতুন নতুন সূত্র পাওয়া যাচ্ছে। পিলখানায় ২৫ ও ২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যার ঘটনা উদঘাটনে সরকার ও সেনাবাহিনীর একটি করে অনুসন্ধান কমিটি ও পুলিশের (সিআইডি) একটি তদন্ত কমিটি কাজ করছে। এই কমিটিগুলোর উর্দ্ধতনরা বৈঠকে উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে ৫৮ জন সেনা সদস্য (৫৭ কর্মকর্তা ও ১ সৈনিক) ও ৭ জন বিডিআর সদস্যসহ ৭৫ জন প্রাণ হারান। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রসঙ্গে ফারুক খান বলেন, "বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে তাদের অস্ত্র ও গোলাবারুদ।" খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করে মন্ত্রী বলেন, "এদের এখানে ২৪ টি অস্ত্রাগার রয়েছে। এগুলোতে রয়েছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ। খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদের সংখ্যা জানতে হলে এগুলোর প্রত্যেকটি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। কিন্তু সে পরিমাণ জনবল না থাকায় সে কাজ তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে না। এ জন্য আরও সময়ের প্রয়োজন।" বিডিআর হত্যাকাণ্ডে জঙ্গিদের সংশ্লিষ্টতা নিয়ে তার বক্তব্যের তথ্য উৎস সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী জানান, সেটি তার 'নিজস্ব উৎস' থেকে সংগৃহীত তথ্য। তিনি পিলখানায় এসে বিভিন্নজনের সঙ্গে কথা বলে এটা জেনেছেন। ফারুক খান বলেন, "শুধু দাবি-দাওয়া নিয়ে নয়। আমাদের চিন্তার বিরোধীরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। প্রত্যেকটি বিষয়ই এখন খুঁটিয়ে দেখা হচ্ছে।" মন্ত্রী দাবি করেন, পিলখানার ভেতরে থাকা প্রত্যেক বিডিআর সদস্য অন্ততঃ দু'বার করে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং ২০০ বিডিআর সদস্য স্বজনদের সঙ্গে দেখা করতে পেরেছেন। বিডিআর সদস্যদের সঙ্গে স্বজনদের দেখা করানো কমিয়ে দেওয়া হবে জানিয়ে ফারুক খান বলেন, জরুরি প্রয়োজনে তারা দেখা করতে পারবে। ঘটনার সময় পিলখানার ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের কারও জরুরি কাগজপত্র ভেতরে থাকলে তারা ৪ নং গেটে এসে উপযুক্ত প্রমাণসহ জানালে তা এনে দেওয়ার ব্যবস্থা করা হবে। গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "প্রথম দিনের ঘটনা নিয়ে কিছু ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের ভূমিকা ভাল ছিল না। এ কারণে বেশ ক্ষতি হয়েছে।" তিনি সংবাদকর্মীদের 'আরও বেশি দায়িত্বশীল' হওয়ার আহ্বান জানান। সংবাদকর্মীরাও পাল্টা অভিযোগ করে বলেন, ঘটনার সময় সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। গত কয়েকদিনে পিলখানার ভেতরে চারজনের মৃত্যু হওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, এদের মধ্যে একজন বিডিআর সদস্য আত্মহত্যা করেছেন। বিডিআর মসজিদের একজন ইমাম হার্ট অ্যাটাকে মারা গেছেন। অসুস্থতার কারণে বাকি দুজন সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকার বাইরে জয়পুরহাটে আরও এক বিডিআর সদস্য আত্মহত্যা করেছেন। অসুস্থতার কারণে মারা গেছেন আরও ২ জন। পিলখানায় সাবজেল হচ্ছে না প্রাথমিকভাবে সিদ্ধান্ত হলেও পিলখানার ভেতরে কোনও সাবজেল করা হচ্ছে না বলে জানান ফারুক খান। গ্রেপ্তারকৃতদের কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদেরকে কারাগারের ভেতরে পৃথকভাবে রাখা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, সংস্থাটি তদন্তকারীদের কিছু প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও মুখ ঢাকাদের ছবি থেকে প্রকৃত চেহারা বের করার প্রযুক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৪৯ঘ.