ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর স্বামী ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার অ্যানজিওপ্ল্যাস্টি সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
শাকিল জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল হার্ট সেন্টারে অধ্যাপক কো পিয়ান হাই এই অ্যানজিওপ্ল্যাস্টি করেন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এটি করা হয়।
এর আগে রোববার রাতে ড. এম ওয়াজেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সঙ্গে তার চিকিৎসকরা ছিলেন।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ মিয়া হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনির সমস্যায় ভুগছেন। তাকে গত মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ওয়াজেদ মিয়াকে পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে রোববার জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
মাহবুবুল হক শাকিল আরো জানান, প্রধানমন্ত্রী তার স্বামীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন । তিনি নিয়মিত তার চিকিৎসার খবর নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এসকে/২০৪৭ঘ.
bdnews24