খুলনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএল (আগের টিঅ্যান্ডটি) এর ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (রাজস্ব) আব্দুল মজিদ মিয়াসহ বর্তমান ও সাবেক চার কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানায় তাদের বিরুদ্ধে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম সাঈদুর রহমান।
মামলার অপর আসামিরা হলেন- বিটিসিএল'র খুলনা কার্যালয়ের সিনিয়র হিসাব রক্ষক সোহরাব হোসেন এবং সাবেক হিসাব রক্ষক আবদুস সাত্তার ও হেমায়েত উদ্দিন।
খালিশপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুশান্ত সাহা জানান, এ চারজনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিটিসিএল'র ৬৭ লাখ সাত হাজার ১০৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24