ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্ধত্ব প্রতিরোধে বিশ্বব্যাপী আন্দোলন 'ভিশন ২০২০ : দি রাইট টু সাইট'র পৃষ্ঠপোষক ব্রিটেনের কাউন্টেস অব ওয়েসেক্স সোফি রিস-জোনস তিনদিনের সফরে সোমবার ঢাকা এসেছেন।
কমনওয়েলথ দেশগুলোতে অন্ধত্ব প্রতিরোধে কাজ করা সংস্থা 'সাইটসেভারস ইন্টারন্যাশনাল' ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অতিথি হয়ে ২৩ থেকে ২৫ মার্চ তিনি ঢাকা সফর করছেন।
সোমবার ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে প্রথমবারের মতো এই সফরে তিনি ঢাকার দরিদ্র এলাকাগুলোতে চোখের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে সাইটসেভারস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে 'সিয়িং ইজ বিলিভিং' প্রকল্পের আওতায় ঢাকা আরবান কমপ্রিহেনসিভ আই কেয়ার (ডিএইসিইসি) প্রকল্পকে আরো জোরদার করতে এই সফরের আয়োজন করা হয়েছে।
১৯৭৩ সাল থেকে 'সিয়িং ইজ বিলিভিং'র বাস্তবায়নকারী সংস্থা সাইটসেভারস ইন্টারন্যাশনাল বাংলাদেশে স্থানীয় বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে চক্ষু পরিচর্যা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/২৩১০ঘ.
bdnews24