২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা না এলে গভীর সমুদ্রবন্দর স্থাপন করবেই সরকার

কোন ধরনের বাধা না এলে বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমিন। মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 07:07 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন ধরনের বাধা না এলে বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমিন। মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিষয়টি মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে।" বাংলাদেশের জলসীমায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে জানিয়ে মন্ত্রী বলেন, "এর প্রাথমিক প্রতিবেদন নিয়ে আগামী ১২ এপ্রিল নৌ পরিবহন মন্ত্রণালয়ে একটি উপস্থাপনা পেশ করা হবে।" এর আগে বাংলাদেশে সফররত ভারতের নৌ ও সড়ক বিভাগের অতিরিক্ত সচিব বিজয় শিব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাসুদ এলাহীও উপস্থিত ছিলেন। বৈঠক প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রী বলেন, "আজ (মঙ্গলবার) সোনারগাঁও হোটেলে দুদেশের মধ্যে যে প্রোটোকল স্বাক্ষর হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।" এ বিষয়ে তিনি আরো বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে যে নৌ ট্রানজিট চুক্তি রয়েছে তা নবায়ন করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ চুক্তির শর্তাবলী আগে যা ছিল তাই থাকছে। এখানে নতুন কোন শর্ত থাকছে না।" এ চুক্তির বিষয়ে আফসারুল আমিন বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই এ চুক্তি রয়েছে। বাংলাদেশ যদি এ চুক্তির সুবিধাগুলো আরো বেশি পেতে চায় সেক্ষেত্রে এ চুক্তি আরো আধুনিক করা প্রয়োজন।" চট্টগ্রাম বন্দরের বিরাজমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, "সরকার শ্রমিকদের দাবি সম্পর্কে আন্তরিক। তাই কিছু কিছু শ্রমিক সংগঠন দাবি আদায়ে আন্দোলনের চেষ্টা করলেও চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়বে না। শ্রমিক সংগঠনগুলোর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠারও কোন সম্ভাবনা নেই। সরকার আলাপ আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধান করবে। এ বন্দরকে আরো আধুনিক ও গতিশীল করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার তা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৩০৫ ঘ.